Friday, May 1, 2026
Homeআন্তর্জাতিকভারতের বাজারে ইলেকট্রিক থ্রি হুইলার আনবে হুন্দাই

ভারতের বাজারে ইলেকট্রিক থ্রি হুইলার আনবে হুন্দাই

ভারতের সড়কে তিন চাকার ইলেকট্রিক বাহন নিয়ে আসতে চুক্তিবদ্ধ হয়েছে দেশটির শীর্ষ মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান টিভিএস মোটর কোম্পানি ও দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ অটোমোবাইল নির্মাতা হুন্দাই। 

আজ বুধবার এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম কোরিয়া হেরাল্ড। 

এক বিবৃতিতে হুন্দাই জানিয়েছে, তারা টিভিএস মোটরের সঙ্গে সোমবার যৌথ উদ্যোগে বৈদ্যুতিক থ্রি হুইলার নির্মাণের চুক্তিতে সই করেছে। 

নয়াদিল্লির ভারত মান্দাপাম সম্মেলনকেন্দ্রে চুক্তি সাক্ষরের অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অর্থাৎ খুব শিগগির ঢাকার মতো ভারতেও তিন চাকার অটোরিকশা সদৃশ বাহনের ছড়াছড়ি দেখা যাবে। 

চুক্তি মতে, হুন্দাই মোটর নতুন ইলেকট্রিক থ্রি হুইলারের (ইথ্রিডব্লিউ) প্রকৌশল ও নকশা প্রণয়নে নেতৃত্ব দেবে। এ ক্ষেত্রে তাদের অত্যাধুনিক মোবাইল প্রযুক্তিকে কাজে লাগাবে হুন্দাই। 

পাশাপাশি, থ্রি হুইলার উৎপাদন, বিপণন ও রক্ষণাবেক্ষণের কাজগুলোর তদারকি করবে হুন্দাই। 

থ্রি হুইলার বাহনের জনপ্রিয়তা বিবেচনায় বিশ্বের সবচেয়ে বড় বাজার ভারত। সেখানে নগর অঞ্চলে স্বল্প দূরত্বে পণ্য আনা নেওয়া ও লজিস্টিক সেবা দেওয়ার ক্ষেত্রে এসব বাহন অত্যন্ত জনপ্রিয়। 

এমন সময় এই চুক্তি সই হলো যখন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিউং ভারত সফর করছেন।

ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন তিনি। দুই নেতা আগামীতে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার ও আরও শক্তিশালী অর্থনৈতিক সম্পর্ক তৈরির অঙ্গীকার করেছেন। 

প্রেসিডেন্ট লির প্রতিনিধি দলের অংশ হিসেবে ভারতে এসেছেন হুন্দাই মোটরের গ্রুপ একজিকিউটিভ চেয়ার চাং ইউইসান। 

সোমবার মোদির উদ্যোগে আয়োজিত রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার সময় চাং ২০২৮ সালের মধ্যে ভারতে একটি সমন্বিত গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানান। এ মাসের শেষের দিকে ভারতে হুন্দাইর তৃতীয় কারখানার উদ্বোধন হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে মোদিকে যোগ দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানান চাং। 

২০১৮ সালে প্রথমবারের মতো এই প্রকল্প নিয়ে আলাপ করেন মোদি ও চাং। 

সে সময় ভারতের ট্রাফিক সমস্যার সমাধানে পরিবেশবান্ধব ও নিরাপদ পরিবহন ব্যবস্থা চালুর ওপর জোর দেন মোদি। 

সে সময় থেকেই ভারতে পরিবহন ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে হুন্দাই। 

২০২৫ সালে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে ইলেকট্রিক থ্রি হুইলার ও মাইক্রো ফোর হুইলারের প্রস্তাবিত নকশা প্রকাশ করে হুন্দাই। সে সময় টিভিএসের সঙ্গে যৌথ উদ্যোগে উৎপাদনে যাওয়ার বিষয়টি প্রকাশ পায়। 

টিভিএস মোটর কোম্পানির পক্ষ থেকে চুক্তিতে সই দেন গ্রুপ স্ট্র্যাটেজি বিভাগের সভাপতি শরদ মিশ্র। 
ভারতের ইলেকট্রিক থ্রি হুইলারের বেশিরভাগ যন্ত্রাংশ দেশটির স্থানীয় বাজার থেকে সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে। 

ভারতের বাজারে আসার পর অন্যান্য আন্তর্জাতিক বাজারেও এই থ্রি হুইলার রপ্তানির পরিকল্পনা আছে হুন্দাইয়ের। 

দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজারের অন্যতম ভারত। 

গত বছর প্রতিষ্ঠানটি ২০৩০ সাল নাগাদ ভারতে ৫ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ ও ২৬টি নতুন মডেলের পরিবহন চালু করার ঘোষণা দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments