Friday, May 1, 2026
Homeখেলাশুধু সাকিব নয়, মাশরাফি-দুর্জয়কেও মনে রাখতে বললেন তামিম

শুধু সাকিব নয়, মাশরাফি-দুর্জয়কেও মনে রাখতে বললেন তামিম

সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন উঠলেই আলোচনা জমে ওঠে। কিন্তু একই পরিস্থিতিতে থাকা আরও দুই সাবেক অধিনায়ক যেন আড়ালেই থেকে যান। এই বাস্তবতায় সবার দৃষ্টি আকর্ষণ করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল।

২০২৪ সালের জুলাইয়ে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সাকিব দেশে ফিরতে পারছেন না। এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে দীর্ঘদিন ধরে। তবে একই পরিস্থিতিতে রয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও নাইমুর রহমান দুর্জয়ও। বিষয়টি সামনে আনলেন তামিম।

আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে সাকিবকে নিয়ে প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘আমরা গত দেড়-দুই বছর ধরে একজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়েই কথা বলছি। কিন্তু মাশরাফি বিন মুর্তজা, নাইমুর রহমান দুর্জয় এবং সাকিব আল হাসান, এই তিনজন সাবেক অধিনায়ক একই ধরনের পরিস্থিতিতে আছেন। তাই শুধু একজনকে নিয়ে কথা বলা ঠিক নয়।’

তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ রাখেন, প্রশ্ন করার সময় যেন বাকি দুই সাবেক অধিনায়কের নামও উল্লেখ করা হয়।

তবে সাকিবের ফেরা নিয়ে  ক্রিকেটীয় দিক থেকে বিসিবির অবস্থান স্পষ্ট করে তামিম জানান, ‘ক্রিকেটিং যেসব বিষয়ে আমরা সাহায্য করতে পারি, সেখানে আমরা সবসময় আছি। তারা যদি তাদের সমস্যাগুলো সমাধান করে আসেন, আমরা তাদের উন্মুক্ত বাহুতে স্বাগত জানাব।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর বরাত দিয়ে তামিম আরও জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এ বিষয়ে নমনীয় মনোভাব দেখানোর কথা বলা হয়েছে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের আমলে সাকিবকে দেশে আনার বিষয়ে নানা গুঞ্জন থাকলেও তা বাস্তবে রূপ নেয়নি। বর্তমান সরকারের সময়েও বিষয়টি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। তবে এবার তামিমের বক্তব্যে স্পষ্ট হলো, সমাধানের দরজা খোলা, তবে উদ্যোগটা নিতে হবে সংশ্লিষ্টদেরই।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments