এক যুগ পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি এস এম মিজানুর রহমান।
রোববার অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এর আগে গত শুক্রবার ঢাকার পুলিশ অফিসার্স মেসের ভিআইপি মিটিং রুমে আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি হয়েছেন ডিএমপির এডিসি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের। এছাড়া ডিএমপির এডিসি আহম্মদ আলী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন ও আজমিলা নাসরীন চৌধুরী, ডিএমপির এডিসি রোকনুজ্জামান সরকার এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম সহসভাপতি নির্বাচিত হয়েছেন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আফতাব উদ্দিন, র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা ও পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মণ্ডল।
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি ফজলুর রহমান। সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, ডিএমপির এডিসি ইয়াসীনা ফেরদৌস, মুন্সীগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ূন রশীদ ও গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের।
অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিএমপির এডিসি সাজ্জাদ হোসেন এবং দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার জাকিরুল হাসান।
নতুন কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য হলো একটা ন্যায়ানুগ সমাজ প্রতিষ্ঠায় আন্তরিকতার সঙ্গে সাধ্যানুযায়ী ভূমিকা পালন। আমরা মনে করি, এই কমিটি দেশপ্রেমের স্পিরিটকে অন্তরে ধারণ করে দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে ও ন্যায়ানুগ সমাজ বিনির্মাণে বলিষ্ঠ ভূমিকা পালন করবে।’
সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশে পুলিশকে মানুষের নিরাপদ আশ্রয়স্থল বানানোর লক্ষ্যে কাজ করতে আমরা বদ্ধপরিকর। জনকল্যাণে আত্মনিয়োগের পাশাপাশি পুলিশ সদস্যের সার্বিক কল্যাণেও কাজ করবে এই কমিটি।’
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাসমিন আক্তার বলেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনবান্ধব পুলিশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা বাস্তবায়নে বর্তমান কমিটির সচেষ্ট ভূমিকা থাকবে।’

