ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ফলাফলে রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।
ভারতের নির্বাচন কমিশন মোট ২৯৪টি আসনের মধ্যে ২৯৩টির ফল প্রকাশ করে।
এর মধ্যে বিজেপি পেয়েছে ২০৭টি আসন।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮০টি আসন।
এছাড়া কংগ্রেস ও আম জনতা উন্নয়ন পার্টি ২টি করে এবং সিপিআই(এম) ও অল ইন্ডিয়া সেক্যুলার ফ্রন্ট ১টি করে আসন পেয়েছে।
বিজেপি ভোট পেয়েছে ৪৫ দশমিক ৮৪ শতাংশ। তৃণমূল পেয়েছে ৪০ দশমিক ৮০ শতাংশ। ভারতীয় নির্বাচন কমিশন তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
এই ফলাফলে আগের নির্বাচনের তুলনায় বিজেপির আসন উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা রাজ্যে দলটির সংগঠন ও প্রচারণার প্রভাবকে সামনে এনেছে।
অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ফলাফল দলটির জন্য একটি বড় ধাক্কা। ভবানীপুরে দলের সভানেত্রী মমতা বন্দোপাধ্যায়ের আসনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে তারা প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি।
ফল প্রকাশের আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপির সাফল্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এটিকে বিজেপির ‘ঐতিহাসিক’ সাফল্য বলে আখ্যা দেন।
ফলতা বিধানসভা কেন্দ্রে ভোট বাতিল করে আগামী ২১ মে পুনর্নিবাচনের তারিখ ঘোষণা করেছে ভারতীয় নির্বাচন কমিশন।
গত শনিবার কমিশন জানায়, ২৯ তারিখ ভোটগ্রহণের দিনে বিভিন্ন অনিয়মের অভিযোগ থাকায় ফলতা কেন্দ্রের পুরো ভোট বাতিল করা হয়েছে।

