Wednesday, July 22, 2026
Homeঅপরাধ৪ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হাতিয়া, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা

৪ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হাতিয়া, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা

বৈরী আবহাওয়ার কারণে গত ৪ দিন ধরে যোগাযোগ বিচ্ছিন্ন নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। সারা দেশের সঙ্গে বন্ধ রয়েছে নৌ যোগাযোগ।

আজ বুধবার বিকেলে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ ইকবাল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হলেও এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একইসঙ্গে দেশের চার সমুদ্রবন্দরেও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত থাকায় নৌ চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ।

ইউএনও রাশেদ ইকবাল বলেন, ‘রোববার সকাল থেকে হাতিয়ার সব ফেরিঘাট বন্ধ রয়েছে। মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থাকতে এবং ছোট নৌযানগুলোকে নিরাপদে সরিয়ে নিতে মালিকদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।’

এতে উপজেলার নলচিরা ও চেয়ারম্যান ঘাটে পণ্যবাহী শত শত ট্রাক আটকা পড়ে আছে।

পরিবহন শ্রমিক নাছির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গত চারদিন ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে আটকে থাকা ট্রাকে মাছসহ বিভিন্ন ধরনের কাঁচামাল নষ্ট হয়ে গেছে।’

আরেক পরিবহন শ্রমিক আবদুর রহমান বলেন, ‘দুই ঘাটে থাকার কোনো ব্যবস্থা না থাকায় ট্রাকের মধ্যেই ঘুমাতে হচ্ছে আমাদের।’

হাতিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় উপজেলায় ২০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এতে নিম্নাঞ্চলে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন বলেন, ‘নিঝুম দ্বীপে আমন ধানের বীজ তলা ২ থেকে ৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে।’

পরিস্থিতি স্বাভাবিক হতে আরও তিন থেকে চারদিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাবলুর রহমান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments