Thursday, July 23, 2026
Homeউপহার যখন আগ্নেয়াস্ত্র: এরদোয়ানের রিভলবার পেয়ে বিপাকে ন্যাটো নেতারা

উপহার যখন আগ্নেয়াস্ত্র: এরদোয়ানের রিভলবার পেয়ে বিপাকে ন্যাটো নেতারা

তুরস্কে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে অংশগ্রহণকারী নেতাদের বিদায়ী উপহার হিসেবে একটি রিভলবার ও গোলাবারুদ দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার পর আগ্নেয়াস্ত্রটি কীভাবে বহন ও সংরক্ষণ করা হবে, তা নিয়ে কয়েকজন নেতা ও তাদের প্রশাসনকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে।

বুধবার আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে এরদোয়ান প্রত্যেক নেতাকে একটি পুরোনো আমলের রিভলবার এবং তাজা গুলি উপহার দেন। এতে বোঝা যায়, অস্ত্রটি শুধু প্রদর্শনের জন্য নয়।

এরদোয়ানের উদ্দেশ্য ছিল তুরস্কের প্রতিরক্ষা শিল্পকে তুলে ধরা, যা দেশটির রপ্তানি ও পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়েছে।

রয়টার্স জানায়, লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদার কার্যালয় প্রকাশিত ছবিতে অস্ত্রটিকে গুমুসায় পয়েন্ট থ্রি ফাইভ সেভেন ম্যাগনাম বলে মনে হয়েছে। এটি ১৯৯০-এর দশকে তুরস্কের অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেইর তৈরি বিরল ছয় গুলির একটি রিভলবার।

রিভলবারটি একটি কাঠের প্রদর্শনী বাক্সে রাখা ছিল। এতে তুরস্কের পতাকা ও ন্যাটোর লোগোর পাশাপাশি তুর্কি ও ইংরেজি ভাষায় লেখা ছিল, ‘গুমুসায়, আমাদের দেশে তৈরি প্রথম রিভলবার ধরনের হ্যান্ডগান।’

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মুখপাত্র রয়টার্সকে জানান, সব নেতাকে একই মডেলের রিভলবার দেওয়া হয়েছে, যাতে তাদের নিজ নিজ নাম খোদাই করা ছিল।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার দেশে ফিরে তার রিভলবারটি নিরাপদ সংরক্ষণের জন্য ব্রাসেলস বিমানবন্দর পুলিশের কাছে জমা দেন।

পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কির একজন সহযোগী জানান, তার রিভলবারটি ওয়ারশ বিমানবন্দরে শুল্ক ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। পরে সেটি এমন স্থানে রাখা হবে, যাতে এটি নিরাপদ থাকে এবং রাষ্ট্রীয় উপহার হিসেবে যথাযথ মর্যাদাও বজায় থাকে।

তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই কেউ এটি দিয়ে গুলি চালাবেন না।’

নেদারল্যান্ডস ও সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তাদের রিভলবার নিজ নিজ দূতাবাসে নিয়ে যাওয়া হয়েছে। নেদারল্যান্ডস অস্ত্রটি নিষ্ক্রিয় করার পরিকল্পনা করেছে, আর সুইডেনেরটি আমদানিসংক্রান্ত কাগজপত্র সম্পন্ন হওয়ার অপেক্ষায় রয়েছে।

ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানায়, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে দেওয়া আগ্নেয়াস্ত্রটির সঙ্গে একটি পরিষ্কার করার কিট ও ৫০০টি গুলি ছিল।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রিভলবারটি ইতোমধ্যে সরকারের সদর দপ্তর পালাজ্জো কিজিতে অন্যান্য রাষ্ট্রীয় উপহারের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন তার রিভলবারটি একটি সামরিক জাদুঘরে দান করার পরিকল্পনা করেছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তুরস্কের আধুনিক হ্যান্ডগান শিল্প মূলত আধা-স্বয়ংক্রিয় অস্ত্র উৎপাদনে মনোযোগী হওয়ায় গুমুসায় সংগ্রাহকদের কাছে একটি দুর্লভ অস্ত্র হিসেবে পরিচিত।

কম দামের পিস্তল ও শটগান উৎপাদনের মাধ্যমে ইউরোপের বেসামরিক আগ্নেয়াস্ত্রের বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে তুরস্কের অস্ত্র নির্মাতারা। এতে দীর্ঘদিন ধরে উচ্চমূল্যের ক্রীড়া ও পরিষেবামূলক অস্ত্র উৎপাদনকারী ইতালি ও বেলজিয়ামের প্রতিষ্ঠিত কোম্পানিগুলো প্রতিযোগিতার মুখে পড়েছে।

জেনেভাভিত্তিক স্মল আর্মস সার্ভের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে তুরস্ক ছিল বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্ষুদ্র অস্ত্র রপ্তানিকারক দেশ। এ সময়ে দেশটির মোট রপ্তানির পরিমাণ ছিল প্রায় ৩০০ কোটি ডলার। এ তালিকায় তুরস্কের আগে ছিল যুক্তরাষ্ট্র ও ইতালি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments