Thursday, July 23, 2026
Homeঅপরাধনাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, অভিভাবকদের সঙ্গে হাতাহাতি

নাপিত ডেকে শিক্ষার্থীদের চুল কাটালেন সভাপতি, অভিভাবকদের সঙ্গে হাতাহাতি

ঝিনাইদহের শৈলকূপায় শিক্ষার্থীদের চুল কেটে দেওয়াকে কেন্দ্র করে অভিভাবক ও বিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রশিদ কয়েকজন শিক্ষার্থীকে একটি শ্রেণিকক্ষে ডেকে নেন। পরে এক নাপিতকে এনে তাদের জোর করে চুল কাটানো শুরু করেন। খবর পেয়ে অভিভাবকেরা বিদ্যালয়ে এসে প্রতিবাদ জানান।

একপর্যায়ে সভাপতি ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে অভিভাবকদের কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়।

অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী বলে, আমাদের কয়েকজনকে ডেকে নিয়ে জোর করে চুল কেটে দেওয়া হয়েছে।

আরেক শিক্ষার্থী বলে, পাশের বাজার থেকে নাপিত ডেকে আমাদের চুল কেটে দেওয়া হয়েছে।

এক শিক্ষার্থীর বাবা বলেন, সভাপতি কাজটি ঠিক করেননি। তিনি বাড়াবাড়ি করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রশিদ দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল বুধবার অভিভাবকদের সঙ্গে এক মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, শিক্ষার্থীদের এলোমেলো চুল থাকলে তা কেটে দেওয়া হবে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এটি আমি করেছি।

হাতাহাতির বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামান হিরোক ডেইলি স্টারকে বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যা মোটেও কাম্য ছিল না। সবার সঙ্গে আলোচনা করে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করছি।

জানতে চাইলে জেলা শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান ডেইলি স্টারকে বলেন, বিষয়টি সম্পর্কে আগে অবগত ছিলাম না। আপনাদের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে আইনগতভাবে শিক্ষার্থীদের জোর করে চুল কেটে দেওয়ার কোনো সুযোগ নেই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments