Thursday, July 23, 2026
Homeঅপরাধ৮০ বছরে ঢাকা মেডিকেল, ‘ডিএমসি ডে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

৮০ বছরে ঢাকা মেডিকেল, ‘ডিএমসি ডে’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা মেডিকেল কলেজের ৮০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে ২০২৬’–এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ডা. জুবাইদা রহমান। তিনিও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী।

অনুষ্ঠানের অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে একটি অর্জুন ও একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান। বৃক্ষরোপণের পর জুলাই অভ্যুত্থানে নিহত শহীদদের রুহের মাগফিরাতের জন্য মোনাজাত করা হয়।

পরে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মীর সরোয়ার হোসেন চৌধুরী ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীদের জন্য দুটি আবাসিক হল নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। সারা দেশের শিক্ষার্থীদের জন্য ১৯টি আধুনিক ছাত্রাবাস নির্মাণের যে প্রকল্প চলমান রয়েছে, তারই অধীনে এই দুটি ভবন নির্মাণ করা হবে।

এ সময় প্রধানমন্ত্রী গভীর আগ্রহ নিয়ে এই প্রকল্প সম্পর্কে খোঁজখবর নেন। নতুন এই ভবনগুলোয় শিক্ষার্থীরা কী কী সুযোগ-সুবিধা পাবেন, সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মোহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দীন হায়দার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

উল্লেখ্য, ১৯৪৬ সালের ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যাত্রা শুরু হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটি প্রতিবছর নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করতে ‘ডিএমসি ডে’ পালন করে আসছে। এ বছর ঢাকা মেডিকেল কলেজ পথচলার ৮০ বছর পূর্ণ করে ৮১তম বর্ষে পদার্পণ করল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments