Thursday, July 23, 2026
Home১৯৫৪ বিশ্বকাপ থেকে উরুগুয়ের দখলে থাকা রেকর্ড ভাঙল আর্জেন্টিনা

১৯৫৪ বিশ্বকাপ থেকে উরুগুয়ের দখলে থাকা রেকর্ড ভাঙল আর্জেন্টিনা

বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে এগোতে থাকা আর্জেন্টিনা গড়ল নতুন কীর্তি। সুইজারল্যান্ডকে হারানোর পথে ৭২ বছরের পুরনো রেকর্ড ভাঙল লিওনেল মেসির দল। এবারের আসর শুরুর আগে এই অর্জনের মালিক ছিল উরুগুয়ে।

রোববার সকালে ২০২৬ বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে কানসাস সিটিতে ১০ জনের সুইসদের প্রতিরোধ ভেঙে ৩-১ গোলে জিতেছে আর্জেন্টিনা।  নির্ধারিত সময়ে ১-১ ব্যবধানে সমতার পর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচ রাঙিয়ে সেমিফাইনালে পা রেখেছে তারা। একইসঙ্গে দীর্ঘদিন ধরে টিকে থাকা একটি রেকর্ডও নিজেদের করে নিয়েছে দলটি।

বিশ্বকাপের মঞ্চে খেলা সবশেষ ১২টি ম্যাচের প্রতিটিতে অন্তত দুটি করে গোল করেছে আর্জেন্টিনা। এর মাধ্যমে তারা এই টুর্নামেন্টের ইতিহাসে টানা সবচেয়ে বেশি ম্যাচে একাধিক গোল করার রেকর্ড গড়েছে। এর আগে ১৯৩০ থেকে ১৯৫৪ সালের মধ্যে উরুগুয়ে টানা ১১টি ম্যাচে অন্তত দুটি করে গোল পেয়েছিল।

এই অপ্রতিরোধ্য যাত্রার শুরুটা হয়েছিল গত ২০২২ সালের কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে। মেক্সিকোকে ২-০ গোলে হারানোর পর একই ব্যবধানে পোল্যান্ডকে পরাস্ত করে তারা। তারপর চ্যাম্পিয়ন হওয়ার পথে নকআউট পর্বে অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের জালে দুবার করে এবং ক্রোয়েশিয়া ও ফ্রান্সের জালে তিনবার করে বল পাঠায় দলটি।

প্রতি ম্যাচেই একাধিক গোল পাওয়ার ধারা চলতি আসরেও বজায় রেখেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে ৩-০, অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ও জর্ডানের বিপক্ষে ৩-১ গোলে জেতে আলবিসেলেস্তেরা। এরপর শেষ বত্রিশে কেপ ভার্দের জালে, শেষ ষোলোতে মিশরের জালে ও শেষ আটে সুইজারল্যান্ডের জালে তিনবার করে লক্ষ্যভেদ করে মেসিবাহিনী।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচে আর্জেন্টিনার গোল ১৭টি। আর কোনো দল এত গোল করতে পারেনি। অনুমিতভাবেই তাদের সর্বোচ্চ গোলদাতা হলেন অধিনায়ক মেসি। তিনি আট গোলের পাশাপাশি করেছেন দুটি অ্যাসিস্ট। সব মিলিয়ে ফুটবলের মহাযজ্ঞে তার গোল এখন রেকর্ড ২১টি।

এই তালিকায় দুটি গোল নিয়ে দুইয়ে আছেন লাউতারো মার্তিনেজ। একটি করে গোল আছে হুলিয়ান আলভারেজ, এঞ্জো ফার্নান্দেজ, আলেক্সিস মাক আলিস্তার, জিওভানি লো সেলসো, ক্রিস্তিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্তিনেজের নামের পাশে। বাকি গোলটি আত্মঘাতী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments