Thursday, July 23, 2026
Homeঅপরাধফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী সাজেদা বেগমকে (৪০) হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত মো. লালন মোল্লা (৫৪) শহরের পশ্চিম আলীপুরের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে হাজির ছিলেন।

আজ সোমবার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘যৌতুকের প্রবণতা কমাতে এবং অপরাধ করলে যে অবশ্যই সাজা পেতে হবে—এ রায়ের মাধ্যমে সেই বার্তা সমাজে পৌঁছাবে।’

মামলার বিবরণ থেকে জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের ভাটদি গ্রামের বাসিন্দা সাজেদাকে ২০০৪ সালে বিয়ে করেন লালন। ২০২২ সালের ৯ আগস্ট যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দেন তিনি। এই টাকার জন্য কয়েকবার স্ত্রীকে মারধরও করেন। টাকা এনে দিতে ব্যর্থ হওয়ায় ২৩ আগস্ট ভোরে হাতুড়ি দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা করেন লালন।

ওই দিনই সাজেদার ছোট বোন মাজেদা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। ২০২৪ সালের ১১ জানুয়ারি লালনকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments