Friday, July 24, 2026
Homeপ্যারিসের কাছে দাবানলে পুড়ল ১৩০০ হেক্টর বনাঞ্চল

প্যারিসের কাছে দাবানলে পুড়ল ১৩০০ হেক্টর বনাঞ্চল

ফ্রান্সের রাজধানী প্যারিসের দক্ষিণে দাবানলের লেলিহান শিখায় পুড়েছে এক হাজার ৩০০ হেক্টরেরও বেশি বনাঞ্চল।

আজ মঙ্গলবার এই তথ্য জানিয়েছে এএফপি।

গত রোববার প্যারিস থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ফন্তেইনব্ল্যু বনে আগুনের সূত্রপাত হয়। এককালে এই বনটি রাজাবাদশাহদের শিকারের জন্য ব্যবহার হতো।

বর্তমানে সংরক্ষিত বনাঞ্চলটিতে বেশ কয়েকটি ছোট ছোট, প্রায় নিরিবিলি গ্রামের অবস্থান।

বেশ কিছুদিন ধরেই ফ্রান্সের বিভিন্ন অংশে তীব্র তাপদাহ চলছে। সর্বশেষ এই তাপদাহের ফলে দেশের উত্তরাঞ্চলে দাবানলের সূত্রপাত হয়। যদিও ওই এলাকায় দাবানল বেশ বিরল।

ইউনেসকোর সংরক্ষিত বনাঞ্চলটিতে খুব দ্রুত দাবানল ছড়িয়ে পড়ে। এতে ছুটির মৌসুমে রেল ও সড়ক যোগাযোগ বিঘ্নিত হয়।

দিনভর উড়োজাহাজ থেকে ও স্থলপথে দমকলবাহিনীর মাধ্যমে আগুনের শিখা নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা চালায় কর্তৃপক্ষ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লঁরে নুনেজ জানান, সোমবার বিকেল নাগাদ প্রায় এক হাজার ২০০ হেক্টর (প্রায় ৩ হাজার একর বা প্রায় ৮ হাজার ৯০০ বিঘা) বনাঞ্চল পুড়ে যায়।

তিনি আরও জানান, বিকেলে আরও একটি দাবানলের সূত্রপাত হলে আরও ১০০ হেক্টর জমি পুড়ে যায়।

ফন্তেইনব্ল্যু ও আশপাশের এলাকা থেকে প্রায় এক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন মন্ত্রী।

আগুন নেভাতে নজিরবিহীন উদ্যোগের অংশ হিসেবে চারটি কানাডাএয়ার উড়োজাহাজ, দুটি ড্যাশ উড়োজাহাজ ও তিনটি পানি-বোমা নিক্ষেপে সক্ষম হেলিকপ্টার মোতায়েন করা হয়।

উদ্ধার কার্যক্রমের কমান্ডার জঁ-মার্ক সিকার্ড সোমবার সন্ধ্যায় জানান, মোট ১৮৭ বার আকাশ থেকে পানি ঢালা হয়েছে।

৬০০ দমকলকর্মী আগুন নেভাতে রাতভর কাজ করে গেছেন।

কমান্ডার জানান, ‘এখনো আগুন ছড়িয়ে পড়ছে।’ আবহাওয়ার পরিস্থিতি এখনো ‘খুব একটা অনুকূল নয়’ বলে মত দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ জানান, কেউ ইচ্ছা করে আগুনের সূত্রপাত ঘটিয়েছে কি না, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

‘এক হাজার মিটারের মধ্যে মোট ১০টি অবস্থান থেকে একই সঙ্গে আগুন জ্বলে ওঠে। বিষয়টি সন্দেহজনক। কেউ ইচ্ছা করে আগুনের সূত্রপাত ঘটিয়ে থাকতে পারেন,’ যোগ করেন তিনি।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এক্সে পোস্ট করে জানান, ‘এই অস্বাভাবিক দাবানলের মোকাবেলায় সব ধরনের উপকরণ কাজে লাগানো হচ্ছে।’

তিন মাসের ব্যবধানে তৃতীয় তাপপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে ফ্রান্স। গত এক সপ্তাহ ধরে ফ্রান্সের বিভিন্ন অংশে দাবানল দেখা দিয়েছে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দাবানলের কবলে ফ্রান্সে ২৫ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। শুক্রবার সকালে বেসামরিক নিরাপত্তা দপ্তরের মহাপরিচালক জুলিয়েন মারিয়ন এই তথ্য জানান।

আজ মঙ্গলবার ফ্রান্সের বাস্তিল দিবসের জাতীয় ছুটির দিনটিতেও তাপমাত্রা অনেক বেশি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments