Friday, July 24, 2026
Homeবিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

বিশ্বকাপ থেকে ফিরে বীরের সংবর্ধনা পেল নরওয়ে দল

ট্রফি জেতা হয়নি, তবু বিজয়ীদের মতোই দেশে ফিরেছে নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত দারুণ পথচলা উপহার দেওয়া দলটিকে বরণ করে নিতে ওসলোর রাজপ্রাসাদের সামনে জড়ো হয়েছিল প্রায় ৯০ হাজার সমর্থক। বিদায়ের আক্ষেপকে ছাপিয়ে নরওয়ের ফুটবলে নতুন এক স্বপ্নের সূচনাকেই উদযাপন করল গোটা দেশ।

আর্লিং হালান্ডের নেতৃত্বে নরওয়ে এবারের বিশ্বকাপে ইতিহাস গড়েছে। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলে তারা পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে। শেষ আটে ইংল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে ২-১ গোলে হেরে বিদায় নিলেও সেটিই বিশ্বকাপে নরওয়ের অন্যতম সেরা সাফল্য।

দলটি ওসলো পৌঁছানোর পর সমর্থকদের সঙ্গে মিলে তাদের বিখ্যাত ‘ভাইকিং রো’ উদযাপনও করে। এই উদযাপন পুরো বিশ্বকাপেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরওয়ের যুবরাজ হাকন। ঢাক বাজিয়ে তিনি উদযাপনের নেতৃত্ব দেন। যুবরাজ কোয়ার্টার ফাইনালে মিয়ামিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেও গ্যালারিতে উপস্থিত ছিলেন।

সমর্থকদের ভালোবাসায় অভিভূত অধিনায়ক মার্টিন ওডেগার্ড। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকে’কে তিনি বলেন, ‘এত মানুষের সমর্থন পাওয়া এবং পুরো দেশ আমাদের পাশে রয়েছে, এটা সত্যিই অবিশ্বাস্য। এটা সত্যিই দারুণ অনুভূতি।’

অন্যদিকে বিশ্বকাপে সাত গোল করে আলো ছড়ানো তারকা ফরোয়ার্ড হালান্ড সোমবার সকালে নরওয়েতে ফিরলেও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বিমানের সিঁড়ি দিয়ে নামার একটি ছবি পোস্ট করেন, যেখানে তার হাতে ছিল একটি খেলনা র‍্যাকুন, যার থাবায় ধরা ছিল একটি কাঁচের বোতল।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনআরকের তথ্য অনুযায়ী, অন্য একটি ফ্লাইট ধরার তাড়া থাকায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments