Friday, July 24, 2026
Homeইংল্যান্ড-স্পেন-ফ্রান্সের পক্ষে ইতিহাস, ব্যতিক্রম হতে পারবে আর্জেন্টিনা?

ইংল্যান্ড-স্পেন-ফ্রান্সের পক্ষে ইতিহাস, ব্যতিক্রম হতে পারবে আর্জেন্টিনা?

বিশ্বকাপ জিততে শুধু প্রতিভা বা অভিজ্ঞতা নয়, বয়সও যেন গুরুত্বপূর্ণ একটি উপাদান। অতীতের পরিসংখ্যান বলছে, বিশ্বচ্যাম্পিয়ন হওয়া প্রায় সব দলই ছিল ২৬ থেকে ২৮ বছর গড় বয়সের। সেই হিসাবে সেমিফাইনালের চার দলের মধ্যে সবচেয়ে অস্বস্তিকর অবস্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপের ইতিহাস বলছে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য বয়সের একটি অদ্ভুত সমীকরণ রয়েছে। এখন পর্যন্ত বিশ্বকাপ জেতা ২২টি দলের মধ্যে ১৯টিরই একাদশের গড় বয়স ছিল ২৬ থেকে ২৮ বছরের মধ্যে।

অতীতের সব বিশ্বচ্যাম্পিয়ন দলের গড় বয়স হিসাব করলে মধ্যম (মিডিয়ান) দাঁড়ায় ২৭ বছর ৫৭ দিন। সেই হিসেবে ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন ইতিহাসের সফল বয়সসীমার মধ্যেই রয়েছে।

অন্যদিকে, ব্যতিক্রম আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে লিওনেল স্কালোনির শুরুর একাদশের গড় বয়স ছিল ৩০ বছর ৬ মাস। ওই দলে ৩২ বছর বা তার বেশি বয়সী খেলোয়াড় ছিলেন পাঁচজন, যাদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়সী অধিনায়ক লিওনেল মেসি।

পুরো টুর্নামেন্ট বিবেচনায় আর্জেন্টিনার শুরুর একাদশের গড় বয়স ২৯ বছর ৩০২ দিন। তবে তাদের সর্বশেষ দুটি ম্যাচে মাঠে নামা একাদশের গড় বয়স ৩০ বছরেরও বেশি ছিল।

বিশ্বকাপ ইতিহাসে ২৯ বছর বা তার বেশি গড় বয়স নিয়ে মাত্র একটি দলই শিরোপা জিতেছে। সেটি ১৯৬২ সালের ব্রাজিল, যাদের একাদশের গড় বয়স ছিল ৩০ বছর ২০৪ দিন।

অন্যদিকে সবচেয়ে কম বয়সী দল হিসেবে বিশ্বকাপ জয়ের নজিরও রয়েছে মাত্র দুটি। ১৯৭৮ সালে আর্জেন্টিনা ২৫ বছর ১৯৫ দিনের গড় বয়স নিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ২০১৮ সালে ফ্রান্স ২৫ বছর ৩২৬ দিনের গড় বয়স নিয়ে শিরোপা জেতে।

এবারও যদি আর্জেন্টিনা শিরোপা ধরে রাখতে পারে, তবে তারা শুধু টানা দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়নই হবে না, একই সঙ্গে বয়সের দিক থেকেও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় ব্যতিক্রম হয়ে উঠবে। ১৯৬২ সালের ব্রাজিলের পর সবচেয়ে বেশি গড় বয়স নিয়ে শিরোপা জয়ের বিরল কীর্তিও গড়বে লিওনেল স্কালোনির দল।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments