Friday, July 24, 2026
Homeথমসন রয়টার্সের প্রিন্ট ব্যবসার ৫১% শেয়ার কিনছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান

থমসন রয়টার্সের প্রিন্ট ব্যবসার ৫১% শেয়ার কিনছে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান

নিজেদের গ্লোবাল প্রিন্ট ব্যবসার ৫১ শতাংশ শেয়ার বিক্রি করছে থমসন রয়টার্স। প্রায় ৫০ কোটি ডলারে এই শেয়ার কিনছে মার্কিন বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান কোলবার্গ ক্রাভিস রবার্টস অ্যান্ড কো (কেকেআর)।

প্রতিষ্ঠানটি বিক্রি সংক্রান্ত চুক্তি আজ মঙ্গলবার ঘোষণা করা হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠান দুটি মিলে একটি যৌথ উদ্যোগ গঠন করবে। এই উদ্যোগ মুদ্রিত ও ডিজিটাল বইয়ের মাধ্যমে থমসন রয়টার্সের কনটেন্ট বিতরণের একচেটিয়া লাইসেন্স পাবে।

চুক্তি অনুযায়ী, কনটেন্ট পোর্টফোলিওর মেধাস্বত্ব ও সম্পাদকীয় নিয়ন্ত্রণ থমসন রয়টার্সের হাতেই থাকবে। যৌথ উদ্যোগটির বাকি ৪৯ শতাংশ মালিকানাও থাকবে প্রতিষ্ঠানটির কাছে। ২০২৬ শেষ নাগাদ চুক্তিটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

থমসন রয়টার্সের গ্লোবাল প্রিন্ট ব্যবসা বিশ্বজুড়ে গ্রাহকদের মুদ্রিত ও ডিজিটাল বইয়ের মাধ্যমে আইনি ও করসংক্রান্ত তথ্য সরবরাহ করে। পাশাপাশি বই প্রকাশকদের বাণিজ্যিক মুদ্রণসেবাও দেয়।

গত বছর এই ব্যবসা থেকে প্রতিষ্ঠানটির ৪৯ কোটি ডলার আয় হয়েছিল, যা তাদের মোট আয়ের প্রায় চারভাগের একভাগ। তবে গ্রাহকেরা অনলাইন পণ্যের দিকে ঝুঁকে পড়ায় এই ইউনিটের বিক্রি প্রতিবছর কমছে।

এই শেয়ার বিক্রির ফলে টরন্টোভিত্তিক থমসন রয়টার্স তাদের মূল তিন ব্যবসায়িক খাত—আইন, করপোরেট এবং কর, নিরীক্ষা ও হিসাবরক্ষণে আরও বেশি মনোযোগ দিতে পারবে।

থমসন রয়টার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভ হাসকার বলেন, ‘আমরা বিশ্বাস করি, কেকেআরের সঙ্গে এই লেনদেন গ্লোবাল প্রিন্ট ব্যবসাকে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে সফলভাবে এগিয়ে নিতে প্রয়োজনীয় লক্ষ্যভিত্তিক বিনিয়োগ, পরিচালন সক্ষমতা ও স্বাধীনতা দেবে। একইসঙ্গে আইন, কর, নিরীক্ষা ও কমপ্লায়েন্স খাতের জন্য উদ্ভাবনী ও অত্যন্ত নির্ভরযোগ্য এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) সমাধান তৈরিতে থমসন রয়টার্সের মনোযোগ আরও সুসংহত হবে।’

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান কেকেআর সম্প্রতি বড় প্রতিষ্ঠানগুলোর বিক্রি করে দেওয়া গণমাধ্যম ও প্রকাশনা ইউনিট কিনছে। প্রতিষ্ঠানটি দ্রুত বর্ধনশীল ডিজিটাল ব্যবসার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

চুক্তির আওতায় নির্দিষ্ট পরিস্থিতিতে যৌথ উদ্যোগে কেকেআরের বিনিয়োগ থেকে ন্যূনতম মুনাফা নিশ্চিত করতে কিছু আর্থিক সহায়তা দেবে থমসন রয়টার্স।

চুক্তির ঘোষণা আসার পর প্রাক্‌বাজার লেনদেনে যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত থমসন রয়টার্সের শেয়ারের দাম প্রায় ১ দশমিক ৩ শতাংশ কমেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments