Friday, July 24, 2026
Homeইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন দি পল?

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন দি পল?

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালের আগে আর্জেন্টিনার শুরুর একাদশে রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের মাঝমাঠের অন্যতম প্রধান চালিকাশক্তি রদ্রিগো দি পলের বাদ পড়ার গুঞ্জনই সবচেয়ে জোরালো। তবে শুধু তাকেই নয়, টমাস টুখেলের শিষ্যদের রুখে দিতে আরও একাধিক পজিশনে পরিবর্তনের কথা ভাবছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি।

আটলান্টায় বাংলাদেশ সময় আজ বুধবার দিবাগত রাত ১টায় ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। এই ম্যাচের জয়ী দল শিরোপা নির্ধারণী মঞ্চে মুখোমুখি হবে স্পেনের।

কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ৩-১ গোলে জেতা ম্যাচের একাদশে খুব বেশি বদল আসার সম্ভাবনা এমনিতে কম। তবে প্রতিপক্ষের শক্তি ও কৌশল বিবেচনা করে পরিবর্তনের ব্যাপারে যথেষ্ট নমনীয় স্কালোনি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এই মাস্টারমাইন্ড সেই ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘প্রতিপক্ষের কথা মাথায় রেখে আমরা কিছু পরিবর্তন করতে পারি। আমাদের মূল ভাবনা হলো সম্ভাব্য সেরা দলটিকে মাঠে নামানো। ছেলেরা সবাই ভালো অবস্থায় আছে।’

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুসারে, ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের রক্ষণভাগে পাঁচ ডিফেন্ডার খেলানোর সম্ভাবনা আর্জেন্টিনার নেই বললেই চলে। ফলে পরিবর্তন যা আসবে, তা মূলত মাঝমাঠেই। আর সেখানে সবচেয়ে বড় চমক হতে পারে দি পলের বাদ পড়া। স্কালোনির সময়ে আলবিসেলেস্তেদের মাঝমাঠের অপরিহার্য অংশ দি পল গত দুই ম্যাচেই বদলি হিসেবে মাঠ ছেড়েছেন। এমনকি মিশরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচের আগেও তাকে একাদশের বাইরে রাখার পরিস্থিতি তৈরি হয়েছিল।

দি পল যদি শেষ পর্যন্ত জায়গা হারান, তবে একাদশে সুযোগ পেতে পারেন নিকোলাস গঞ্জালেজ বা জুলিয়ানো সিমিওনে। নিকোলাস প্রতিটি ম্যাচেই আর্জেন্টিনার কোচের প্রথম বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে নজর কেড়েছেন। তিনি একাদশে ঢুকলে খেলবেন বাম উইংয়ে।

অন‍্যদিকে, সিমিওনে ডানপ্রান্ত সামলাতে অভ্যস্ত হলেও তার অন্তর্ভুক্তি হবে বেশ চমকপ্রদ। কারণ, চলমান বিশ্বকাপে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ ছাড়া শুরুর একাদশে সুযোগ পাননি তিনি। স্কালোনির অধীনে এখন পর্যন্ত মাত্র ছয়টি ম্যাচে শুরু থেকে খেলেছেন সিমিওনে। এর বেশিরভাগই ছিল প্রীতি ম্যাচ কিংবা বাছাইপর্বের লড়াই।

টিওয়াইসি স্পোর্টস আরও জানিয়েছে, মাঝমাঠের বাইরে রক্ষণভাগের রাইট ব্যাক পজিশন নিয়েও রয়েছে মৃদু সংশয়। গঞ্জালো মন্তিয়েল এর চেয়ে জায়গা পাওয়ার দৌড়ে নাহুয়েল মলিনা কিছুটা এগিয়ে থাকলেও এই পজিশনেও পরিবর্তন একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ; নাহুয়েল মলিনা বা গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো; রদ্রিগো দি পল বা জুলিয়ানো সিমিওনে বা নিকোলাস গঞ্জালেজ, লেয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাক আলিস্তার, এঞ্জো ফার্নান্দেজ; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments