Friday, July 24, 2026
Homeঅপরাধবিবাহবিচ্ছেদ আইনগত না হলেও ভরণপোষণ এড়ানোর অজুহাত দেওয়া যাবে না: হাইকোর্ট

বিবাহবিচ্ছেদ আইনগত না হলেও ভরণপোষণ এড়ানোর অজুহাত দেওয়া যাবে না: হাইকোর্ট

অপ্রমাণিত কিংবা আইনগতভাবে অকার্যকর বিবাহবিচ্ছেদকে (তালাক) স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক সন্তানের ভরণপোষণ ফাঁকি দেওয়ার উপায় হিসেবে ব্যবহার করা যাবে না এবং এটি দেনমোহর আদায়ের ডিক্রি জারিতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না বলে একটি পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।

একটি মামলার পূর্ণাঙ্গ রায়ে হাইকোর্টের বিচারপতি আবদুর রহমানের একক বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন।

রায়ে বলা হয়, পিতা-মাতার মধ্যে বিবাহবিচ্ছেদ নিয়ে কী বিরোধ চলছে, তার ওপর অপ্রাপ্তবয়স্ক সন্তানের ভরণপোষণ পাওয়ার অধিকার নির্ভর করে না। এটি একটি সম্পূর্ণ স্বাধীন আইনি অধিকার।

এর আগে চলতি বছরের ২২ জুন নিম্ন আদালতের একটি বিবাহবিচ্ছেদ সংক্রান্ত রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা দেওয়ানি রিভিশন আবেদনের ওপর হাইকোর্ট বেঞ্চ এ পুর্ণাঙ্গ আদেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১১ সালে ওই বিয়ে হয়েছিল। পরে স্ত্রী নিজের ও তাদের অপ্রাপ্তবয়স্ক কন্যাসন্তানের পক্ষ থেকে দেনমোহর এবং ভরণপোষণ চেয়ে মামলা করেন।

স্বামী দাবি করেন, তিনি আগেই স্ত্রীকে তালাক দিয়েছেন।

তবে পারিবারিক আদালতে আইন অনুযায়ী তিনি তালাকের বিষয়টি প্রমাণ করতে ব্যর্থ হন। এর পরিপ্রেক্ষিতে পারিবারিক আদালত স্ত্রী ও সন্তানের পক্ষে দেনমোহর এবং ভরণপোষণের ডিক্রি জারি করেন।

পরে স্বামী ওই তালাক কার্যকরের ঘোষণা চেয়ে মামলা করেন এবং ডিক্রি জারির ওপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন।

বিচারিক আদালত তার আবেদনটি খারিজ করে দিলে তিনি হাইকোর্টে যান।

রায়ে হাইকোর্ট বলেন, ‘আইন অনুযায়ী প্রমাণিত নয় বা আইনগতভাবে অকার্যকর এমন কথিত তালাককে বৈবাহিক সম্পর্ক ছিন্নকারী কিছু হিসেবে গণ্য করা যায় না। একইভাবে, এ ধরনের অকার্যকর তালাক আইন নির্ধারিত পদ্ধতি অনুযায়ী পরে নতুন করে তালাক উচ্চারণের ক্ষেত্রে কোনো আইনি বাধা সৃষ্টি করতে পারে না।’

বিচারক রায়ে আরও উল্লেখ করেন, ‘এটি পুনরুল্লেখ করার প্রয়োজন রাখে না যে, অপ্রাপ্তবয়স্ক সন্তানের ভরণপোষণ পাওয়ার অধিকার একটি স্বাধীন, সংবিধিবদ্ধ ও আইনি অধিকার। পিতা-মাতার মধ্যে বৈবাহিক বিরোধ থাকা বা না থাকার ওপর এই অধিকার নির্ভর করে না। কথিত তালাকের বৈধতা বা কার্যকারিতা নিয়ে যে বিতর্কই থাকুক না কেন, সন্তানের ভরণপোষণ দেওয়ার ক্ষেত্রে পিতার আইনি দায়বদ্ধতা অব্যাহত থাকবে।’

হাইকোর্টের পর্যবেক্ষণের বরাত দিয়ে মামলার সংশ্লিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিয়ে, বিবাহবিচ্ছেদ, দেনমোহর, ভরণপোষণ ও দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের মতো বিরোধগুলো সম্পূর্ণভাবে পারিবারিক আদালতের এখতিয়ারভুক্ত।
অপ্রাপ্তবয়স্ক সন্তানের ভরণপোষণের অধিকার পিতা-মাতার মধ্যকার চলমান বৈবাহিক বিরোধের অজুহাত দেখিয়ে এড়ানো যাবে না।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments