Saturday, July 25, 2026
Homeবিদায়ী কোচের জন্যই ‘চকোলেট মেডেল’ জিততে চায় ফ্রান্স

বিদায়ী কোচের জন্যই ‘চকোলেট মেডেল’ জিততে চায় ফ্রান্স

যে স্বপ্ন নিয়ে বিশ্বকাপে পা রেখেছিল ফ্রান্স, স্পেনের কাছে হেরে সে স্বপ্নভঙ্গ ইতোমধ্যে হয়ে গেছে। তবে কাগজে-কলমে ফ্রান্সের বিশ্বকাপ শেষ হয়নি এখনো। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিতে বিশ্বকাপের তৃতীয় সেরা দল হওয়ার সুযোগ আছে ফরাসিদের সামনে। তবে ফ্রেঞ্চ ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে বলেছেন, এই ম্যাচ নিয়ে আলাদা কোনো আগ্রহ কাজ করছে না তাদের মনে। স্রেফ কোচ দিদিয়ের দেশমকে বিদায়ী উপহার দিতেই ব্রোঞ্চ মেডেলটি জিততে চান তারা। 

এর আগে ইংল্যান্ড কোচ থমাস টুখেলও বলেছিলেন, তার দল এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে উন্মুখ নয়। একই কথা শোনা গেলো কোনাতের কণ্ঠেও। তবে এত বছর ধরে দেশম ফ্রান্সকে যা যা দিয়েছেন, তার কিছুটা শোধ দেওয়ার জন্য হলেও ম্যাচটি জিততে চাইছেন কোনাতে। 

সেই ২০১২ সালে ফরাসিদের কোচের দায়িত্ব তুলে নিয়েছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক দেশম। এরপর কেটে গেছে দীর্ঘ ১৪ বছর। দেশমের অধীনে নিজেদের ইতিহাসেরই অন্যতম স্বর্ণালী সময় পার করেছে ফ্রান্স। নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জিতেছে, ঘরের মাঠে ইউরোর ফাইনাল খেলেছে। সবচেয়ে বড় কথা, দেশমের অধীনে ফ্রান্স হয়ে উঠেছিল ভীতিজাগানিয়া এক দল। সেই কোচকে যোগ্য এক বিদায়ী উপহার দিতে বদ্ধপরিকর ফরাসি ফুটবলাররা।

সংবাদ সম্মেলনে এসে কোনাতে বলেছেন, ‘আমরা কেউই এই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে চাইনি। কিন্তু সে সুযোগ তো নেই। আমরা আমাদের কোচকে বিদায়ী উপহার দিতে চাই। ফ্রান্স দলের জন্য তিনি অনেক করেছেন। আমাদের তাঁর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, এবং তাঁর জন্য এই ম্যাচ জিততে আমাদের যা যা করা দরকার আমরা করব। তাঁর জন্যই আমরা এই চকোলেট মেডেলটি জিততে চাই, এই ব্রোঞ্জ মেডেলটি জিততে চাই’। 

গত বছরই দেশম জানিয়ে রেখেছিলেন, এই বিশ্বকাপই হবে ফ্রান্সের কোচ হিসেবে তাঁর শেষ ‘অ্যাসাইনমেন্ট’। শেষটা মনের মতো না হলেও পেশাদার কোচের মতোই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন ৫৭ বছর বয়সী এই কোচ, ‘এই ম্যাচের প্রতিও আমার দায়িত্ব আছে। এটা কোনো প্রীতি ম্যাচ নয়। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। খেলোয়াড়, স্টাফ এবং আমার দায়িত্ব এই শেষ লক্ষ্যে পৌঁছানো। অবশ্যই ফাইনালের চেয়ে কম গুরুত্বপূর্ণ ম্যাচ এটি। ইংল্যান্ডও এই ম্যাচ খেলতে চায় না, আমরাও চাই না। কিন্তু আমাদের খেলতে হবে’। 

নিজের শেষ ম্যাচের আগে দলের কাউকে আবেগতাড়িত হতে দেখতেও চান না দেশম, ‘তৃতীয় হওয়াই এখন আমাদের শেষ লক্ষ্য, এবং একে বাস্তবে রূপ দেয়া আমাদের দায়িত্ব। ফ্রান্সের জার্সি পরলে এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। আমি জানি এটাই আমার শেষ ম্যাচ। আমি চাই না কেউ কান্না করুক। শেষটা সন্নিকটে, কিন্তু জীবন এভাবেই চলে যায়’। 

কম তাৎপর্যপূর্ণ এই ম্যাচে সেরা একাদশ না নামিয়ে বেঞ্চের কিছু খেলোয়াড়কে সুযোগ দেবেন বলেও নিশ্চিত করেছেন দেশম। তবে লিওনেল মেসির সাথে গোল্ডেন বুটের হাড্ডাহাড্ডি লড়াইয়ে থাকা অধিনায়ক কিলিয়ান এমবাপে খেলবেন কি না, সে ব্যাপারে স্পষ্ট কোনো উত্তর দেননি দেশম, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, সে খেলার জন্য প্রস্তুত আছে’। 

ফাইনালের লড়াই থেকে ছিটকে পড়ার পর বাংলাদেশ সময় রবিবার দিবাগত রাত ৩টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments