Friday, July 24, 2026
Homeলরেন্স বিষ্ণোই গ্যাং পরিচয়ে এবার আমির খানকে হত্যার হুমকি

লরেন্স বিষ্ণোই গ্যাং পরিচয়ে এবার আমির খানকে হত্যার হুমকি

বলিউড সুপারস্টার আমির খানকে লরেন্স বিষ্ণোই গ্যাং সদস্য পরিচয়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্ট ও ভয়েস ক্লিপের সত্যতা যাচাই করছে মুম্বাই পুলিশ। তবে এখন পর্যন্ত আমির খান বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, শনিবার মুম্বাই পুলিশের কমিশনার দেবেন ভারতি জানান, ভাইরাল হওয়া পোস্ট ও ভয়েস ক্লিপটি সত্যিই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট ও ভয়েস ক্লিপে নিজেদের আরজু বিষ্ণোই ও টাইসন বিষ্ণোই পরিচয় দেওয়া দুই ব্যক্তি দাবি করেছেন, তারা লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী।

ওই বার্তায় আমির খানের বিরুদ্ধে ‘লাভ জিহাদ’ প্রচারের অভিযোগ আনা হয়েছে। সম্প্রতি গৌরী স্প্র্যাটকে বিয়ে করার প্রসঙ্গ টেনে তারা এ অভিযোগ তোলে। একই সঙ্গে দাবি করা হয়, যারা এ ধরনের কর্মকাণ্ডকে উৎসাহ দেবে, তাদেরও পরিণতি ভোগ করতে হবে।

ভয়েস ক্লিপে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণ, পাচার ও নির্যাতনের সাম্প্রতিক ঘটনার কথাও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ওই মামলার অভিযুক্তদের কাউকে রাজনৈতিকভাবে রক্ষা না করার হুঁশিয়ারিও দেওয়া হয়।

দ্য হিন্দু বলছে, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবি ও হুমকির সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে লরেন্স বিষ্ণোই গ্যাং দীর্ঘদিন ধরে অভিনেতা সালমান খানকে লক্ষ্য করে হুমকি দিয়ে আসছে। ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলাকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিরোধের জেরে ২০২৪ সালে মুম্বাইয়ে সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনাও ঘটে। এরপর থেকে তাকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

এদিকে চলতি বছরের শুরুতে নির্মাতা রোহিত শেঠির জুহুর বাড়িতেও গুলি চালানোর ঘটনা ঘটে। ওই মামলায় মুম্বাই পুলিশ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। এর মধ্যে ১৫ জন গ্রেপ্তার হলেও শুভম লোনকার ও আরজু বিষ্ণোইকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে।

পুলিশের দাবি, ওই হামলার দায়ও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে স্বীকার করেছিল লরেন্স বিষ্ণোই গ্যাং।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments