Friday, July 24, 2026
Homeস্পেন-আর্জেন্টিনা ফাইনাল: জমকালো আয়োজনের নেপথ্যের সবকিছু

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল: জমকালো আয়োজনের নেপথ্যের সবকিছু

আর মাত্র কয়েক ঘণ্টা। এরপরই নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে এবারের বিশ্বকাপ ফাইনাল শুধু দুই দলের লড়াই নয়; রেকর্ডমূল্যের টিকিট, তারকাখচিত হাফটাইম শো, বিশ্বনেতাদের উপস্থিতি, ইতিহাস গড়ার হাতছানি আর লিওনেল মেসির আবেগঘন প্রত্যাবর্তন মিলিয়ে এটি হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম জাঁকজমকপূর্ণ ফাইনাল।

মেটলাইফ স্টেডিয়ামে মুক্তির হাতছানি

ফাইনাল অনুষ্ঠিত হবে নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে, যে মাঠ লিওনেল মেসির জন্য একসময় ছিল বেদনার প্রতীক। ২০১৬ কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে এই মাঠেই আবেগের বশে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তিনি।

দশ বছর পর সেই একই মাঠে বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক হিসেবে ফিরছেন ৩৯ বছর বয়সী মেসি। এখানেই যদি তিনি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা এনে দিতে পারেন, তবে সেটি হবে তার বর্ণাঢ্য ক্যারিয়ারের সবচেয়ে রোমাঞ্চকর অধ্যায়গুলোর একটি।

ফাইনাল পরিচালনায় ইতিহাস গড়বেন ভিনচিচ

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পরিচালনা করবেন স্লোভেনিয়ার স্লাভকো ভিনচিচ। ৪৬ বছর বয়সী এই রেফারি প্রথম স্লোভেনিয়ান হিসেবে বিশ্বকাপ ফাইনালে বাঁশি বাজানোর কৃতিত্ব অর্জন করবেন।

এর আগে তিনি ২০২২ ইউরোপা লিগ ও ২০২৪ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল পরিচালনা করেছেন। ভিনচিচ নিজেই বলেছেন, বিশ্বকাপ ফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়া একজন রেফারির জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।

১৭ মিনিটের বিরতি, তারকাখচিত হাফটাইম শো

ফাইনালে হাফটাইম বিরতি হবে ১৭ মিনিটের। এর মধ্যে ১১ মিনিটজুড়ে থাকবে জমকালো সংগীতানুষ্ঠান। মঞ্চ মাতাবেন শাকিরা, ম্যাডোনা, জাস্টিন বিবার ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস। এছাড়া থাকবেন বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং কোল্ডপ্লের সঙ্গে পিএস২২ কোরাস।

ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া আয়োজন

২০২৬ বিশ্বকাপ ফাইনাল ইতোমধ্যেই ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট হওয়ার পথে। টিকিট পুনর্বিক্রয় বাজারে একটি টিকিটের গড় মূল্য ১১ থেকে প্রায় ১৩ হাজার মার্কিন ডলার। সবচেয়ে কম দামের টিকিটও বিক্রি হচ্ছে ৭ থেকে ৮ হাজার ডলারে, যা ২০২৪ সালের সুপার বোলের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ৮০ হাজারের বেশি ধারণক্ষমতার স্টেডিয়াম হলেও চাহিদা এত বেশি যে সব স্তরের টিকিটের দাম আকাশছোঁয়া।

বিশ্বনেতাদের মিলনমেলা

ফাইনাল ঘিরে কূটনৈতিক গুরুত্বও কম নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে এবং দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ উপস্থিত থাকবেন মাঠে।

তবে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ব্যক্তিগত কুসংস্কারের কারণে দেশে থেকেই ম্যাচ দেখবেন। তার পরিবর্তে সরকারি প্রতিনিধিদল ফাইনালে উপস্থিত থাকবে।

চ্যাম্পিয়নদের জন্য নতুন চমক

৯০ বছরেরও বেশি সময়ের ঐতিহ্য ভেঙে এবার প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নদের দেওয়া হবে এনএফএল ধাঁচের বিশেষ চ্যাম্পিয়নশিপ রিং। বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি এই বিশেষ রিংও থাকবে বিজয়ীদের স্মারক হিসেবে।

রেকর্ড ৬৫৫ মিলিয়ন ডলারের পুরস্কার

এবারের বিশ্বকাপে মোট পুরস্কার অর্থ ৬৫৫ মিলিয়ন মার্কিন ডলার, যা ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় ৫০ শতাংশ বেশি। চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি ডলার, রানার্সআপ ৩ কোটি ৩০ লাখ ডলার। তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল পাবে যথাক্রমে ২ কোটি ৯০ লাখ ও ২ কোটি ৭০ লাখ ডলার।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments