Saturday, July 25, 2026
Homeঅপরাধযমুনার ভাঙ্গনে হুমকির মুখে তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক

যমুনার ভাঙ্গনে হুমকির মুখে তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে টাঙ্গাইলের যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। এর সঙ্গে পাল্লা দিয়ে দেখা দিয়েছে নদী ভাঙন। পানির প্রবল চাপে ইতোমধ্যে ফাটল দেখা দিয়েছে গুরুত্বপূর্ণ তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে।

শুধু এই সড়কেই নয়, জেলার টাঙ্গাইল সদর, ভূঞাপুর, কালিহাতী ও নাগরপুর উপজেলার বেশ কয়েকটি এলাকার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা ও ফসলি জমি। হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষ।

সরেজমিনে দেখা যায়, যমুনা নদীর পানি বৃদ্ধির ফলে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শাখারিয়া এলাকায় পানির চাপে তারাকান্দি-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে ফাটল ধরেছে। 

সড়ক কাম বাঁধ হিসেবে ব্যবহৃত এই রাস্তাটি ভেঙে গেলে গোপালপুরসহ আশেপাশের আরও তিনটি উপজেলার বিস্তীর্ণ অঞ্চল বন্যা কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছে স্থানীয় জনগণ। 

স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শামসুল আলম বলেন, শাখারিয়া ও নলিন এলাকার ভাঙনকবলিত জায়গায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হবে এবং বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে পড়বে।

এদিকে সড়কে ফাটল ও ভাঙন দেখা দিলে স্থানীয় বাসিন্দারাই প্রথম তা প্রতিরোধে এগিয়ে আসেন। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গোপালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঞ্জুর মোর্শেদ দ্য ডেইলি স্টারকে জানান, ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তিনি স্থানীয়দের আশ্বাস দিয়েছেন।

টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, পানির তীব্র চাপে আঞ্চলিক মহাসড়কের ওই অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পাওয়ার পর ভাঙনরোধে জরুরি ভিত্তিতে সেখানে জিওব্যাগ ফেলা হচ্ছে।

পাউবো জানায়, জেলার সদর, কালিহাতী, ভূঞাপুর ও নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে যমুনার এবং বাসাইল ও মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে ঝিনাই ও বংশাই নদীর ভাঙন অব্যাহত রয়েছে। এসব এলাকার কিছু কিছু স্থানে আপাতকালীন জরুরি ব্যবস্থা নেওয়া হলেও প্রয়োজনের তুলনায় তা খুবই অপ্রতুল।

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments