Wednesday, July 22, 2026
Homeপরিবারের সঙ্গে সময় কাটাতে রোজারিওতে মেসি

পরিবারের সঙ্গে সময় কাটাতে রোজারিওতে মেসি

বিশ্বকাপ ট্রফি ধরে রাখার স্বপ্ন শেষ হয়েছে অতিরিক্ত সময়ের এক গোলে। সেই হতাশা নিয়েই অবশেষে দেশে ফিরেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হওয়ার পর এবার নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাবেন তিনি, এরপরই ফিরবেন যুক্তরাষ্ট্রে ক্লাব ইন্টার মায়ামির দায়িত্বে।

গত রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আট গোল ও চারটি অ্যাসিস্ট করা মেসি ফাইনালে অবশ্য স্প্যানিশ রক্ষণ ভেদ করতে পারেননি।

ফাইনালের পর আর্জেন্টিনা দলের বেশিরভাগ খেলোয়াড় নিজ নিজ গন্তব্যে চলে যান। সোমবার ১৬ জন ফুটবলারের একটি প্রতিনিধিদল বুয়েনস আইরেসে পৌঁছালে ‘মুচাচোস’ গানের সুরে তাদের অভ্যর্থনা জানায় গ্রেনাডিয়ার রেজিমেন্ট। বিমানবন্দরের বাইরে অপেক্ষমাণ অসংখ্য সমর্থকও করতালিতে স্বাগত জানান বিশ্বকাপ রানার্সআপদের।

মেসি অবশ্য একদিন পরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে সরাসরি নিজের জন্মশহর রোজারিওতে পৌঁছান। সেখানে পরিবারের সঙ্গে কয়েক দিন বিশ্রাম নিয়ে আবার ইন্টার মায়ামিতে যোগ দেবেন তিনি। তবে ঠিক কবে ক্লাবে ফিরবেন, তা এখনো নিশ্চিত নয়। এমএলএসে মায়ামির পরবর্তী দুটি ম্যাচ শিকাগো ফায়ার ও মন্ট্রিয়লের বিপক্ষে।

৩৯ বছর বয়সী মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়েও চলছে জোর আলোচনা। অনেকের ধারণা, স্পেনের বিপক্ষে এই ফাইনালই হয়তো ছিল বিশ্বকাপে তার শেষ ম্যাচ। তবে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

ফাইনালের পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তা দেন মেসি। গলায় রানার্সআপের রৌপ্যপদক ঝুলানো একটি ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘এই কষ্ট অনেক বড়, এই ক্ষত সারতে অনেক সময় লাগবে।’

তবে হতাশার মাঝেও দলের অর্জনের কথাই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি, ‘তবে আমি ভালো স্মৃতিগুলোই সঙ্গে রাখব। যেসব ম্যাচে আমরা সর্বস্ব দিয়ে ঘুরে দাঁড়িয়েছি, সেগুলো চিরকাল মনে থাকবে। পুরো দেশের সমর্থন, আর এই দলের কঠোর পরিশ্রম ও ত্যাগ আমাদের আবারও বিশ্বের সেরাদের কাতারে নিয়ে গেছে।’

মেসি মনে করেন, শুধু ফাইনালের ফল দিয়ে এই দলকে বিচার করা উচিত নয়, ‘আজ হয়তো আমরা যা করেছি, সেটার মূল্যায়ন করা কঠিন। কিন্তু এই দল টানা দুটি বিশ্বকাপের ফাইনালে খেলেছে।’

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments