Friday, July 24, 2026
Homeভিত্তিহীন গুজবে কান না দেওয়ার আহ্বান কেম্পেসের

ভিত্তিহীন গুজবে কান না দেওয়ার আহ্বান কেম্পেসের

বিশ্বকাপের প্রায় শুরু থেকেই আর্জেন্টিনা দলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ধরণের গুঞ্জন। তবে এইসব ষড়যন্ত্র তত্ত্ব ও ভিত্তিহীন গুজবে বিশ্বাস না করার আহ্বান জানিয়েছেন দেশটির কিংবদন্তি ফুটবলার মারিও আলবার্তো কেম্পেস।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা-র তথ্য অনুযায়ী, ১৯৭৮ সালের বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার বলেছেন, দলের পারফরম্যান্সের সমালোচনা করা যেতেই পারে, কিন্তু প্রমাণহীন অভিযোগ ছড়িয়ে দেওয়া বা তাতে বিশ্বাস করা কোনোভাবেই ঠিক নয়।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় কেম্পেস বলেন, ‘আমি সংক্ষেপে একটি কথা বলতে চাই। আর্জেন্টিনার জার্সি গায়ে চাপানোর অর্থ কী, সেটা আমি খুব ভালো করেই জানি। একজন ফুটবলারের জীবনে নিজের দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। আর আমি সেই সৌভাগ্য পেয়েছি।’

তিনি স্বীকার করেন, ফাইনালে দলের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি, ‘আমি মিথ্যা বলব না, ম্যাচটি আমাদের প্রত্যাশামতো হয়নি। স্পষ্টই বোঝা গেছে, দলটি আগের তিন ম্যাচের মতো খেলতে পারেনি। কিন্তু ফুটবলে এমনটা হতেই পারে। কখনো ভালো দিন আসে, কখনো খারাপ।’

তবে খারাপ পারফরম্যান্স আর ইচ্ছাকৃতভাবে না খেলার অভিযোগের মধ্যে বড় পার্থক্য রয়েছে বলে মনে করেন কেম্পেস, ‘কোনো দল একটি ম্যাচে নিজেদের সেরা খেলাটা না খেলতে পারে, কিন্তু সেটাকে প্রতিদ্বন্দ্বিতা না করার সঙ্গে মিলিয়ে ফেলা ঠিক নয়। কোনো প্রমাণ ছাড়াই যেসব গল্প ছড়ানো হচ্ছে, সেগুলো কারও কোনো উপকারে আসে না।’

শেষ পর্যন্ত সমর্থকদের উদ্দেশে কেম্পেসের বার্তা ছিল, সমালোচনা করতে হলে সেটি যেন তথ্য ও বাস্তবতার ভিত্তিতে হয়, ‘দলের কাছ থেকে যদি আমরা আরও ভালো কিছু প্রত্যাশা করি, তাহলে অবশ্যই সমালোচনা করতে পারি। কিন্তু ভিত্তিহীন কোনো গুজবে বিশ্বাস করা উচিত নয়। এই জার্সির প্রতি ভালো সময়েও সম্মান থাকতে হবে, খারাপ সময়েও। আর্জেন্টিনা চিরজীবী হোক।’

উল্লেখ্য, লিওনেল মেসির দারুণ নৈপুণ্যে এবার বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। তবে শিরোপা লড়াইয়ে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে হেরে যায় তারা। ফেরান তরেসের গোলে হৃদয় ভাঙে তাদের।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments