Friday, July 24, 2026
Homeইতালির কোচ হওয়ার প্রস্তাবে গার্দিওলার ‘না’

ইতালির কোচ হওয়ার প্রস্তাবে গার্দিওলার ‘না’

টানা তিনটি বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ ইতালি জাতীয় ফুটবল দলে বর্তমানে কোনো স্থায়ী কোচ নেই। এই শূন্যস্থান পূরণে পেপ গার্দিওলার দিকে হাত বাড়িয়েছিল দেশটির ফুটবল ফেডারেশন (এফআইজিসি)। কিন্তু আজ্জুরিদের কোচ হওয়ার প্রস্তাবে সাড়া দেননি এই তারকা স্প্যানিশ কোচ।

শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই খবর দিয়েছে। চারবারের বিশ্বকাপজয়ী ইতালির কোচ হওয়ার সুযোগ ফিরিয়ে দিয়েছেন ৫৫ বছর বয়সী গার্দিওলা।

গার্দিওলার সঙ্গে আলোচনা চলার কথা গত বুধবার নিশ্চিত করেছিলেন এফআইজিসির প্রধান জিওভান্নি মালাগো। গার্দিওলার মতো হাই-প্রোফাইল কোচকে পেতে উচ্চ বেতন দেওয়ার জন্য ব্যতিক্রম ঘটিয়ে নিজেদের বাজেট বাড়ানোর আভাস দিয়েছিলেন তিনি। তবে সংশয় প্রকাশ করে আরও জানিয়েছিলেন, শেষ পর্যন্ত গার্দিওলা ইতালির দায়িত্ব নেবেন কি না তা নিশ্চিত নয়। সেই শঙ্কাই সত্যি হয়েছে।

বর্তমানে অবসর কাটাচ্ছেন বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির সাবেক কোচ গার্দিওলা। গত মৌসুম শেষে ম্যান সিটির দায়িত্ব ছেড়ে দিয়েছেন তিনি। ইংলিশ ক্লাবটিতে কাটানো এক দশকের সোনালি অধ্যায়ে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা জেতেন তিনি।

বিবিসি আরও জানিয়েছে, বিপুল অঙ্কের বেতনের পাশাপাশি এফআইজিসি গার্দিওলাকে এমন প্রস্তাব দিয়েছিল যে, তিনি নিজের ইচ্ছেমতো পুরো দলের রূপরেখা সাজিয়ে নিতে পারবেন। অর্থাৎ ইতিহাসের অন্যতম সফল এই কোচকে প্রলুব্ধ করার সর্বোচ্চ চেষ্টাই তারা করেছিল। কিন্তু লাভ হয়নি। পরিস্থিতি বিবেচনার জন্য বেশ কিছুটা সময় নিয়ে শেষ পর্যন্ত প্রস্তাবটিতে ‘না’ করে দিয়েছেন তিনি।

গার্দিওলা এফআইজিসিকে জানিয়েছেন, আপাতত ফুটবল থেকে দূরে থাকার যে পরিকল্পনা তিনি করেছিলেন, সেটাই চালিয়ে যেতে চান। এই বিরতি তাকে বিশ্রামের সঙ্গে সঙ্গে পরিবারের সঙ্গে সময় কাটানো ও ঘুরে বেড়ানোর সুযোগ করে দেবে।

গার্দিওলার আগে ইতালির ফুটবল ফেডারেশনের প্রথম পছন্দ ছিলেন ব্রাজিলের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি। স্বদেশি এই কিংবদন্তি ট্যাকটিশিয়ানকে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিল এফআইজিসি। তবে আনচেলত্তি রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। নরওয়ের কাছে হেরে ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে ছিটকে গেলেও সেলেসাওদের সঙ্গে তার চুক্তির মেয়াদ আছে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।

তাই ইতালির কোচ হওয়ার দৌড়ে এখন সবচেয়ে এগিয়ে আছেন দলটির সাবেক মিডফিল্ডার আন্দ্রেয়া পিরলো। তিনি বর্তমানে দুবাইভিত্তিক ইউনাইটেড এফসির প্রধান কোচ হিসেবে কাজ করছেন।

২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় গত এপ্রিলে ইতালির কোচের পদ থেকে সরে দাঁড়ান জেন্নারো গাত্তুসো। অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন সিলভিও বালদিনি। আগামী ২৬ সেপ্টেম্বর উয়েফা নেশন্স লিগের ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে আজ্জুরিরা। এই গ্রুপের বাকি দুই দল ফ্রান্স ও তুরস্ক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments