Friday, July 24, 2026
Homeনতুন প্রধান কোচ হিসেবে ফন বোমেলকে বেছে নিল বেলজিয়াম

নতুন প্রধান কোচ হিসেবে ফন বোমেলকে বেছে নিল বেলজিয়াম

বেলজিয়াম জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন মার্ক ফন বোমেল। শুক্রবার এক ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আরবিএফএ)।

৪৯ বছর বয়সী সাবেক এই ডাচ ফুটবলার স্থলাভিষিক্ত হচ্ছেন ফরাসি কোচ রুডি গার্সিয়ার। ‘রেড ডেভিল’ খ্যাত বেলজিয়ামকে সবশেষ ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার পর দায়িত্ব ছাড়েন গার্সিয়া।

আরবিএফএর বিবৃতিতে বলা হয়েছে, ‘উয়েফা ইউরো ২০২৮ পর্যন্ত বেলজিয়াম জাতীয় দলকে পথ দেখানোর জন্য মার্ক ফন বোমেলের সঙ্গে চুক্তি সই করা হয়েছে।’

২০১০ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে রানার্সআপ হওয়া নেদারল্যান্ডস দলের অন্যতম মূল কান্ডারি ছিলেন ফন বোমেল। এই আপসহীন এই মিডফিল্ডার নতুন দায়িত্ব পাওয়াকে ‘বিশাল সম্মান’ বলে অভিহিত করেছেন, ‘আমার ওপর আস্থা রাখার জন্য রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাতে চাই। বেলজিয়ামের চমৎকার কিছু খেলোয়াড় রয়েছে এবং তাদের সম্ভাবনাও অপার।’

তিনি যোগ করেছেন, ‘আমার কোচিং স্টাফদের নিয়ে আমি এমন একটি দল গড়ে তুলতে চাই, যারা হবে সুশৃঙ্খল, উচ্চাকাঙ্ক্ষী ও সেরা দলগুলোর বিপক্ষে লড়াই করার মতো সাহসী। সাফল্যের কোনো নিশ্চয়তা নেই। তবে কঠোর পরিশ্রম, সততা ও দায়বদ্ধতার নিশ্চয়তা অবশ্যই দেওয়া যায়।’

২০১৩ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে বুটজোড়া তুলে রাখার পর কোচ হিসেবে নেদারল্যান্ডসের পিএসভি আইন্দহোভেন, জার্মানির ভলফসবুর্গ ও বেলজিয়ামের অ্যান্টওয়ার্পের হয়ে অভিজ্ঞতা অর্জন করেছেন ফন বোমেল।

২০২৪ সালের জুনে বেলজিয়ান শীর্ষ লিগের ক্লাব অ্যান্টওয়ার্প ছাড়ার পর থেকে আর কোচিংয়ে দেখা যায়নি ফন বোমেলকে। এর এক বছর আগে তার অধীনেই দীর্ঘ ৬৬ বছর পর প্রথম লিগ শিরোপা জিতেছিল ক্লাবটি।

বয়সের ভারে নুয়ে পড়া ‘সোনালী প্রজন্ম’ ও তরুণ প্রতিভাদের মিশেলে গড়া বেলজিয়ামের পারফরম্যান্স বিশ্বকাপ যত গড়িয়েছিল, ততই উন্নত হয়েছিল। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেনের কাছে ২-১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় তাদের। তবে পুরো টুর্নামেন্টে একমাত্র দল হিসেবে স্পেনের রক্ষণভাগ ভাঙার সান্ত্বনাটুকু তাদের ঝুলিতে ছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments