Saturday, July 25, 2026
Home‘নিজের চরকায় তেল দিন’: পোকার বিতর্ক নিয়ে সমালোচকদের নেইমার

‘নিজের চরকায় তেল দিন’: পোকার বিতর্ক নিয়ে সমালোচকদের নেইমার

ব্রাজিল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার দিন কয়েকের মধ্যেই নেইমারের একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যায় পোকার খেলায় ব্যস্ত তিনি। এ নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয় নানাবিধ আলোচনা। এদিকে সান্তোস যখন মহাদেশীয় প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ এক ম্যাচে মাঠে তখন সেখানে না থেকে নেইমারের পোকার খেলা হয় সমালোচিত। তবে সমালোচকদের কড়া জবাব দিয়ে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। নির্ধারিত ছুটির দিনের কথা উল্লেখ করে অনধিকার চর্চা না করে সবাইকে ‘নিজের চরকায় তেল দেওয়া’র পরামর্শ দিয়েছেন তিনি।

গত মঙ্গলবার কোপা সুদামেরিকানার শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে ভেনেজুয়েলার ক্লাব ইউনিভার্সিদাদ সেন্ট্রাল দে ভেনেজুয়েলাকে (ইউসিভি) ৪-১ গোলের ব্যবধানে উড়িয়ে দেয় সান্তোস। কিন্তু ম্যাচ চলাকালেই সাও পাওলোর একটি পোকার (একধরনের তাস খেলা) টুর্নামেন্টে নেইমারের অংশ নেওয়ার ছবি সামনে এলে তা নিয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় এই ঘটনার ব্যাখ্যা দেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। ক্লাব কর্তৃপক্ষের অনুমোদিত ফিটনেস কর্মসূচির অংশ হিসেবেই যে তিনি ব্রাজিলে রয়ে গেছেন, তা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘আমি আমার দ্বিতীয় দিনের অনুশীলন পর্বের প্রস্তুতি নিচ্ছিলাম। তখনই মনে পড়ল, ছুটির দিনে আমার পোকার খেলতে যাওয়া নিয়ে অনেকেই অনেক কথা বলছে।’

উষ্মা প্রকাশ করে ভিডিওতে তিনি আরও যোগ করেন, ‘সকালে অনুশীলন শেষ করে আমি ম্যাচ দেখতে যাইনি, এরপর আবার অনুশীলনে ফিরেছি। আমি বিশ্রামেই ছিলাম। তবু মানুষ কথা বলেই যাচ্ছে। তো, এখন কি আমার অনুশীলনে যাওয়ার অনুমতি আছে নাকি এটার জন্যও তারা সমালোচনা করে যাবে? সবাই নিজের চরকায় তেল দেন।’ ভিডিওর শেষে ক্যামেরায় টোকা দিয়ে নিজের চরম বিরক্তি প্রকাশ করেন ব্রাজিলীয় এই ফরোয়ার্ড।

এর আগে বৃহস্পতিবারের সেই ভিডিও বার্তার আগে পোকার টুর্নামেন্টের এক হাসিমুখের ছবি পোস্ট করে ক্যাপশনে নেইমার লিখেছিলেন, ‘লাইফ ইজ এ ফান।’

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর কয়েক দিনের ছুটি কাটিয়ে গত শুক্রবারে সান্তোসের অনুশীলনে ফেরেন নেইমার। বিশ্বকাপ থেকে দ্রুত বিদায় নেওয়ার পর কিছুদিন মাঠের বাইরে থাকায় পুরোপুরি ফিট হতে আলাদা অনুশীলন পরিকল্পনা মেনে চলছেন তিনি। যে কারণে দলের সঙ্গে ভেনেজুয়েলা সফরে যাননি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা।

নেইমারকে দলে না রাখার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন সান্তোস কোচ কুকা। ম্যাচ জয়ের পর তিনি জানান, এই দীর্ঘ ও ক্লান্তিকর সফরের চেয়ে ব্রাজিলে থেকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাওয়াই নেইমারের জন্য বেশি উপকারী ছিল। কুকা বলেন, ‘যেহেতু কয়েক দিন ধরে সে মাঠের বাইরে ছিল এবং কোনো লম্বা ছুটি পায়নি, তাই আমরা তাকে আরও শক্তিশালী হয়ে ওঠার সুযোগ দিতে চেয়েছি। যাতে সে কঠোর অনুশীলন করে টানা কয়েকটি ম্যাচ খেলতে পারে।’

বিশ্বকাপের পরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া এই তারকাকে খুব দ্রুতই মাঠে দেখা যেতে পারে। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে আগামী শনিবারে শাপেকোয়েন্সের মুখোমুখি হবে সান্তোস। সেই ম্যাচ দিয়েই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments