Saturday, July 25, 2026
Homeপরিবারকে উত্যক্ত করলে চাকরি ছাড়ার হুমকি নতুন জার্মান কোচ ক্লপের

পরিবারকে উত্যক্ত করলে চাকরি ছাড়ার হুমকি নতুন জার্মান কোচ ক্লপের

প্রথম দিনেই সংবাদমাধ্যমকে স্পষ্ট বার্তা দিলেন ইউর্গেন ক্লপ। জানিয়ে দিলেন, পরিবারকে নিয়ে টানাটানি করলে কিংবা শান্তিতে থাকতে না দিলে জার্মানির কোচের পদ ছেড়ে দিতে এক মুহূর্তও ভাববেন না তিনি। চার বছরের চুক্তিতে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নেওয়ার পরই এমন কড়া হুঁশিয়ারি দিলেন ৫৯ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ।

কঠিন এক সময়ে জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন ক্লপ। টানা তিন বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তে বন্দি জার্মানি। সর্বশেষ বিশ্বকাপে শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেয় দল। এর পরপরই পদত্যাগ করেন প্রধান কোচ ইউলিয়ান নাগেলসম্যান। এর আগে ২০১৮ ও ২০২২ সালেও গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তাদের। এমন অবস্থায় বরুসিয়া ডর্টমুন্ড ও লিভারপুলের সাবেক এই ম্যানেজারকে ঘিরে নতুন স্বপ্ন বুনছে জার্মান ফুটবল।

দায়িত্ব পেয়ে সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করে ক্লপ বলেন, ‘আপনারা যদি বাজে আচরণ করেন এবং আমার পরিবারকে শান্তিতে থাকতে না দেন, তবে আমি সোজা চলে যাব। আমি তো এই কাজ নিজের জন্য করছি না, আপনাদের জন্যই করছি। নাগেলসম্যান কিংবা থমাস টুখেলের “সঙ্গে” আপনারা কেমন আচরণ করেছেন, তা দেখেই কিন্তু আমি দায়িত্বটা নিয়েছি। কাজটাকে ভালোবাসলেও প্রয়োজনে যেকোনো সময় বিদায় নেওয়ার জন্য প্রস্তুত আছি।’

২০২৪ সালে লিভারপুল ছাড়ার পর থেকে রেড বুলের গ্লোবাল হেড অব সকার হিসেবে দায়িত্বে ছিলেন ক্লপ। এবার জার্মান জাতীয় দলে ‘তার’ সহকারী হিসেবে কাজ করবেন পিটার ক্রাভিয়েৎস, পেপ লিন্ডার্স এবং সাবেক জার্মান ফুটবলার সোয়েন বেন্ডার।

ক্লপকে পাওয়াটা জার্মান ফুটবলের জন্যই বড় সাফল্য বলে মনে করছেন ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) সভাপতি বার্ন্ড নয়েনডর্ফ। ‘তাদের’ প্রথম পছন্দ যে ক্লপই ছিলেন, তা জানিয়ে তিনি বলেন, ‘ইউর্গেনের “সঙ্গে” কথা বলার পরই আমাদের বিশ্বাস জন্মেছে যে, সঠিক সময়ে সঠিক মানুষটাকেই আমরা খুঁজে পেয়েছি।’

লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগ জেতানো এই কোচের ওপর আস্থা রাখছে পুরো দেশই। ক্লপ নিজেও বিষয়টিকে নিজের ক্যারিয়ারের বড় অর্জন হিসেবে দেখছেন, ‘জার্মানির হয়ে এই দায়িত্ব পাওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অধ্যায়। সফল হতে আমি আমার সবটুকু দেব।’

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments