ডিআরইউর সদস্য ও বাংলা অ্যাফেয়ার্সের সম্পাদক মুজাহিদুল ইসলাম ওরফে রাজু হামিদ এবং প্রতিষ্ঠানটির এক প্রতিবেদকের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।
শনিবার এক যৌথ বিবৃবিতে ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, অনিয়ম, দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য সংগ্রহ করতে গিয়ে শনিবার দুপুরে মানিকগঞ্জের গঙ্গাধরপট্টি এলাকায় দুই সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় অভিযুক্ত নাজমুল হাসান, আল মামুন ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
এতে আরও বলা হয়, হামলার সময় সাংবাদিকদের ক্যামেরা, ট্রাইপড ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তাদের ব্যবহৃত মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে। প্রাণনাশ ও লাশ গুমের প্রকাশ্য হুমকি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ।
এ ঘটনায় মানিকগঞ্জ থানায় অভিযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।

