সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির গাড়িবহরে ঢিল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বহরে থাকা একটি গাড়ির কাঁচ ভাঙলেও প্রাথমিকভাবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে গোলাপগঞ্জ পৌরসভার হলরুমে জুলাই অভ্যুত্থানের ৭ শহীদের পরিবারের সঙ্গে আলোচনা সভায় অংশ নিতে আসেন এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতৃবৃন্দ।
সভা শেষে বেলা আড়াইটার দিকে কানাইঘাট উপজেলার উদ্দেশে রওনা দেওয়ার সময় এনসিপির গাড়িবহর লক্ষ্য করে ঢিল নিক্ষেপ করা হয়। এ সময় একটি গাড়ির কাঁচ ভেঙে যায়।
এদিকে সকাল ১১টা থেকে গোলাপগঞ্জ পৌরসভা এলাকা, চৌমুহনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান নিতে দেখা যায়। একই সময়ে সেখানে এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি, যুবদল, ছাত্রদল ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও জড়ো হন।
দুপুর ১টার দিকে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর গোলাপগঞ্জ পৌঁছালে আগে থেকেই অবস্থান নেওয়া লোকজন ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। সভা শেষে ফিরে যাওয়ার সময়ও তারা স্লোগান দেন। এসময় গাড়িবহর লক্ষ্য করে ঢিল ছোড়া হয়।
সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (গোলাপগঞ্জ সার্কেল) বলেন, ‘সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পরও একটি ঢিল নিক্ষেপ করা হয়েছে। এতে একটি গাড়ির কাঁচ ভেঙেছে, কিন্তু কেউ আহত হননি। আমরা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এনসিপির গাড়িবহর নিয়ে কানাইঘাট উপজেলার পথে আছি।’

