Sunday, October 25, 2026
Homeঅপরাধ‘আজ দেশে ফেরার কথা ছিল, একজন ফোন করে জানায় ভাই মারা গেছে’

‘আজ দেশে ফেরার কথা ছিল, একজন ফোন করে জানায় ভাই মারা গেছে’

কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে একজন সাভারের আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার আহম্মেদ বাবু (৩৭)। তিনি কসমেটিকস ব্যবসায়ী ছিলেন। আমিনবাজার জমিদার মার্কেটে ‘কিউট কসমেটিকস’ নামে তার একটি দোকান রয়েছে।

বাবুর পরিবারের সদস্যরা জানান, দোকানের জন্য কসমেটিকস কিনতে মাঝেমধ্যেই কলকাতায় যেতেন বাবু। সর্বশেষ গত ১৭ আগস্ট তিনি কলকাতায় যান এবং আজ বুধবার তার দেশে ফেরার কথা ছিল।

বাবু আমিনবাজারের বেগুনবাড়ি এলাকার মৃত আদম আলীর ছেলে এবং ওই এলাকার শিকদার পাড়ায় নিজেদের চারতলা বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করতেন। চার ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন বাবু। রোজা নামে তার ১২ বছর বয়সী এক মেয়ে ও ছোয়াদ নামে ছয় বছর বয়সী এক ছেলে রয়েছে।

আজ বিকেল ৪টার দিকে বাবুর বাড়িতে গিয়ে দেখা যায়, শুধু তার বাড়িতেই নয়, পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে। বাবুর মৃত্যুর খবর পেয়ে স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে ভিড় করেছেন। বাবুর মা ও স্ত্রী দুই সন্তানকে আঁকড়ে ধরে কাঁদছিলেন। স্বজন ও প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

বাবুর বড় ভাই মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, ‘গতকাল বাবুর সঙ্গে কথা হয়েছিল। আজ ওর দেশে ফেরার কথা ছিল। কিন্তু সকাল ১১টার দিকে একজন ফোন করে জানান, আমার ভাই কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডে মারা গেছে।’

তিনি বলেন, ‘প্রথমে তার কথা বিশ্বাস হচ্ছিল না। পরে সাংবাদিকদের পাঠানো ছবি দেখে নিশ্চিত হই, আমার ভাই আর নেই।’

দ্রুত ভাইয়ের মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান মোহাম্মদ আলী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments