Friday, May 1, 2026
Homeখেলাইটিপিএল: রটারডাম ফ্র‍্যাঞ্চাইজির মালিকানায় ডু প্লেসি, ক্লাসেন ও রোডস

ইটিপিএল: রটারডাম ফ্র‍্যাঞ্চাইজির মালিকানায় ডু প্লেসি, ক্লাসেন ও রোডস

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) মালিকানায় যুক্ত হলেন আরও তিন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার। রটারডাম ফ্র‍্যাঞ্চাইজি কিনেছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তিন তারকা ফাফ ডু প্লেসি, হাইনরিখ ক্লাসেন ও জন্টি রোডস।

গত মার্চে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্ট জানিয়েছিল, তারা তিনজন একটি গ্রুপের সাথে মিলে নেদারল্যান্ডসের দ্বিতীয় ফ্র‍্যাঞ্চাইজিটি কিনতে যাচ্ছেন। এই গ্রীষ্মে শুরু হতে যাওয়া ইটিপিএলের উদ্বোধনী টুর্নামেন্টে দলটির নাম হবে রটারডাম ডকার্স।

ইটিপিএলের ছয়টি দলের মধ্যে পাঁচটিই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। বাকি থাকা ডাবলিন ফ্র‍্যাঞ্চাইজি কেনার জন্য ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড় ও রবিচন্দ্রন অশ্বিনের সমন্বয়ে একটি গ্রুপ আলোচনা প্রায় চূড়ান্ত করেছে।

মালিকানায় থাকার পাশাপাশি ডকার্সের অধিনায়কের হিসেবেও মাঠে নামবেন ডু প্লেসি। তিনি বলেন, ‘দলের মালিক হিসেবে এটি আমার প্রথম উদ্যোগ। ইউরোপের ক্রিকেট এখন বেশ জনপ্রিয় হচ্ছে। তাই দল কেনার জন্য এর চেয়ে ভালো সময় আর হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছি। ইটিপিএল যে উদ্যোগ নিয়েছে, তাতে আমি বিশাল সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমি মাঠ ও মাঠের বাইরে— সব জায়গাতেই দলের জন্য কাজ করতে চাই এবং একটি ভালো ক্রিকেট সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করতে চাই।’

রোডসের মতে, ইউরোপের ক্রিকেটের সম্ভাবনাকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য ইটিপিএল একটি ‘অসাধারণ সুযোগ’। তিনি বলেন, ‘এখানকার ক্রিকেটকে একজোট করে আরও উন্নত করার জন্য এখন একটি শক্তিশালী ব্যবসায়িক কাঠামো প্রয়োজন। ইটিপিএল ঠিক সেই সুযোগটাই তৈরি করে দিচ্ছে। এর মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করা, তাদের গড়ে তোলা এবং ইউরোপজুড়ে ক্রিকেটকে আরও শক্তিশালী করার পথ তৈরি হচ্ছে।’

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ডের যৌথ উদ্যোগে ইটিপিএল পরিচালিত হচ্ছে। টুর্নামেন্টের ফ্র‍্যাঞ্চাইজিগুলো হলো আমস্টারডাম, রটারডাম, বেলফাস্ট, ডাবলিন, গ্লাসগো ও এডিনবরা। ভারতীয় প্রাইভেট কোম্পানি রুলস স্পোর্ট টেকের সাথে মিলে পুরো ইটিপিএলের আংশিক মালিকানা কিনেছেন বলিউড অভিনেতা ও প্রযোজক অভিষেক বচ্চন।

চলতি বছরের শুরুতে দেওয়া বিবিসি স্পোর্টের তথ্য অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজিগুলো ১০ বছরের জন্য একেবারে বিক্রি করা হয়েছে। প্রতিটির মূল্য পড়েছে ১ কোটি ৫০ লাখ ডলার।

বিশ্ব ক্রিকেটের আরও বেশ কয়েকজন রথী-মহারথী যুক্ত হয়েছেন অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানায়। আমস্টারডাম ফ্র‍্যাঞ্চাইজির মালিকানায় রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার স্টিভ ওয়াহ। এই দলটির নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

বেলফাস্ট ফ্র‍্যাঞ্চাইজির অন্যতম কর্ণধার হলেন অস্ট্রেলিয়ার বর্তমান ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েল। এডিনবরা ফ্র‍্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হয়েছেন নিউজিল্যান্ডের দুই সাবেক ক্রিকেটার কাইল মিলস ও ন্যাথান ম্যাককালাম। এই দলটির অধিনায়কের দায়িত্ব পালন করবেন মিচেল স্যান্টনার।

গ্লাসগো ফ্র্যাঞ্চাইজির মালিকানায় যুক্ত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইল। তিনি শুধু দলের আংশিক মালিকই নন, পুরো টুর্নামেন্টটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করবেন।

আগামী ২৬ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments