Thursday, July 23, 2026
Homeএবার এআই ছবি তৈরি ও এডিটের টুল চালু করল মেটা

এবার এআই ছবি তৈরি ও এডিটের টুল চালু করল মেটা

এবার চালু হলো ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার ছবি তৈরির এআই টুল। ‘মিউজ’ নামের এই টুলটি অন্য যেকোনো এআই মডেলের মতো লিখিত বর্ণনার ওপর ভিত্তি করে ছবি তৈরি ও এডিট করে দেবে।

সম্প্রতি এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে মেটা। এটি মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবসের প্রথম ছবি তৈরির টুল। এই ল্যাবের প্রধান আলেকজান্ডার ওয়াং।

ইতোমধ্যে মেটার বিভিন্ন অ্যাপে ‘মেটা এআই’ যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে মিউজের সেবাগুলোও পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রে ইনস্টাগ্রাম স্টোরিজ এবং নির্বাচিত কয়েকটি দেশে হোয়াটসঅ্যাপেও এই সেবা চালু হয়েছে।

আগামী কয়েক সপ্তাহে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে আরও বড় পরিসরে এই সেবা আনার বিষয়টি নিয়ে কাজ করছে মেটা।

পরবর্তীতে বিজ্ঞাপনদাতারাও এই মডিউলের মাধ্যমে বাড়তি কিছু সুবিধা পাবেন।

মেটার ভাষ্য অনুযায়ী, মিউজ ইমেজ একটি ‘এজেন্টিক’ সিস্টেম। অর্থাৎ এটি ইন্টারনেটে তথ্য খুঁজতে, কোড লিখে তা চালাতে এবং নিজের তৈরি ফলাফল আরও নির্ভুল করতে তা নিজেই উন্নত করতে পারে।

ব্যবহারকারীরা সহজ নির্দেশনা লিখে ছবি তৈরি করতে পারবেন। কোনো ছবির ওপর সরাসরি আঁকাআঁকি করেও সেটি এডিট করা যাবে। আবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ট্যাগ করে একাধিক ছবির উপকরণ একসঙ্গে মিলিয়েও নতুন ছবি তৈরি করা যাবে।

মডেলটি আগের পুরো কথোপকথনও মনে রাখে। ফলে নতুন করে নির্দেশনা না দিয়ে আগের নির্দেশনার ভিত্তিতে ধাপে ধাপে প্রয়োজনমতো পরিবর্তন করা সম্ভব।

এ ছাড়া দ্রুত ছবি তৈরির জন্য এতে আগে থেকেই কিছু প্রিসেট প্যানেল দেওয়া থাকবে। একটি ছবির মাধ্যমে ঘরের নতুন নকশা কেমন হবে, সেটিও দেখা যাবে। একই সঙ্গে ফেসবুক মার্কেটপ্লেস থেকে সংশ্লিষ্ট পণ্যের তালিকাও দেখাবে। এ ছাড়া ইনফোগ্রাফিক বা কিউআর কোডের মতো ছবির ভেতরে স্পষ্ট ও সহজে পড়া যায়—এমন লেখাও তৈরি করতে পারে মডেলটি।

নির্বাচিত কয়েকটি দেশে সাধারণ ব্যবহারকারীরা বিনা মূল্যে এই ইমেজ মডেল ব্যবহার করতে পারবেন। তবে আরও বেশি ছবি তৈরির সুবিধা পাওয়া যাবে মেটার বিভিন্ন সাবস্ক্রিপশন প্ল্যানে।

ভবিষ্যতে ‘মিউজ ভিডিও’ নামের একটি ভিডিও তৈরির মডেলও চালু করবে মেটা।

এটি একই প্রযুক্তিগত ভিত্তির ওপর তৈরি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে এটি নির্মাতা (ক্রিয়েটর) ও মেটা এআই ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হবে।

তবে ভিডিও টুলটি কবে চালু হবে, সে বিষয়ে কোনো সময়সূচি জানানো হয়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments