Friday, July 24, 2026
Homeকবরীর সিনেমার সেরা ১০ গান

কবরীর সিনেমার সেরা ১০ গান

সারা দেশের মানুষের কাছে তিনি ‘মিষ্টি মেয়ে’ হিসেবে খ্যাত। কিংবদন্তিতুল্য এই নায়িকা সারাহ বেগম কবরী। অভিনয়জীবনে তিনি নায়করাজ রাজ্জাক, ফারুক, সোহেল রানা, বুলবুল আহমেদ, উজ্জ্বলসহ নামীদামি অনেক নায়কের বিপরীতে অভিনয় করেছেন। উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী সিনেমা।

কবরীর ৭৫তম জন্মদিন আজ। ১৯৫০ সালের আজকের দিনে চট্টগ্রামের বোয়ালখালীতে তার জন্ম।

অভিনয়জীবনে কবরী অভিনীত সিনেমাগুলোর অনেক গানই আজ কালজয়ী। ওই সব সিনেমায় তার ঠোঁট মেলানো গানগুলো আজও দর্শকের হৃদয় ছুঁয়ে আছে। প্রিয় এই অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে তার ঠোঁট মেলানো সেরা ১০টি গান নিয়ে এই আয়োজন:

‘গুন গুন গান গাহিয়া নীল ভ্রমরা যায়’: খান আতাউর রহমান পরিচালিত ‘সুজন সখী’ সিনেমায় ফারুকের বিপরীতে অভিনয় করেছিলেন কবরী। এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন সাবিনা ইয়াসমিন।

‘তুমি যে আমার কবিতা’: নজরুল ইসলাম পরিচালিত ‘দর্পচূর্ণ’ সিনেমায় রাজ্জাক-কবরী জুটির ঠোঁটে এই গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন মাহমুদুন্নবী ও সাবিনা ইয়াসমিন। আবু হেনা মোস্তফা কামালের লেখায় গানটির সুর করেছিলেন সুবল দাস।

‘সে যে কেন এল না, কিছু ভালো লাগে না’: জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ সিনেমায় রাজ্জাকের বিপরীতে কবরীর এই গান গেয়েছেন সাবিনা ইয়াসমিন। সুরকার ছিলেন আনোয়ার পারভেজ।

‘মনের রঙে রাঙাব’: মাসুদ পারভেজ (সোহেল রানা) পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় সোহেল রানা ও কবরী অভিনয় করেন। সেলিনা আজাদের গাওয়া এই গানের কথা ও সুর করেছেন আজাদ রহমান।

‘গান হয়ে এলে’: মিতা পরিচালিত ‘নীল আকাশের নীচে’ সিনেমায় রাজ্জাক ও কবরী অভিনয় করেন। মোহাম্মদ মনিরুজ্জামানের কথায় ও সত্য সাহার সুরে এই গানে কণ্ঠ দিয়েছেন ফেরদৌসী রহমান।

‘আবার দুজনে দেখা হলো’: আবদুল্লাহ আল-মামুন পরিচালিত ‘দুই জীবন’ সিনেমায় বুলবুল আহমেদ ও কবরী জুটি বেঁধেছিলেন। মনিরুজ্জামান মনিরের লেখায় এবং আলম খানের সুরে গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন।

‘আমি তোমার বধূ’: রাজু সিরাজ পরিচালিত ‘আরাধনা’ সিনেমায় বুলবুল আহমেদ ও কবরী অভিনয় করেন। মুকুল চৌধুরীর কথায় এবং আলম খানের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন শাম্মী আখতার।

‘হৈ হৈ রঙ্গিলা রে’: জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ সিনেমায় রাজ্জাক-কবরী জুটির এই গানটি দ্বৈতকণ্ঠে গেয়েছেন সাবিনা ইয়াসমিন ও মোহাম্মদ আলী সিদ্দিকী। গানটির সুরকার আনোয়ার পারভেজ।

‘একটুস খানি দেখ, একখান কথা রাখো’: কাজী জহির পরিচালিত ‘বধূ বিদায়’ সিনেমায় বুলবুল আহমেদ ও কবরী অভিনয় করেন। দেবু ভট্টাচার্যের সুরে এই গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।

‘ফুলের মালা পরিয়ে দিলে’: কাজী জহির পরিচালিত ‘ময়নামতি’ সিনেমায় রাজ্জাক ও কবরী অভিনয় করেন। সৈয়দ শামসুল হকের কথায় ও বশীর আহমেদের সুরে এই গানটি গেয়েছেন সাবিনা ইয়াসমিন।

সুভাষ দত্তের পরিচালনায় ১৯৬৪ সালে ‘সুতরাং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী। এরপর ‘হীরামন’, ‘ময়নামতি’, ‘চোরাবালি’, ‘পারুলের সংসার’, ‘বিনিময়’, ‘বাহানা’, ‘নিজেরে হারিয়ে খুঁজি’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি।

অভিনয়ের পাশাপাশি সিনেমা প্রযোজনা ও পরিচালনাও করেছেন কবরী। তার পরিচালিত প্রথম সিনেমার নাম ‘আয়না’। এ ছাড়া ‘এই তুমি সেই তুমি’ নামের একটি সিনেমা পরিচালনার পাশাপাশি এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপও রচনা করেছেন তিনি, তবে সিনেমাটি এখনো মুক্তি পায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments