Friday, July 24, 2026
Homeঅপরাধকাপ্তাই হ্রদে পানি বাড়ছে, বাঁধের ১৬ গেট খোলা হতে পারে শনিবার

কাপ্তাই হ্রদে পানি বাড়ছে, বাঁধের ১৬ গেট খোলা হতে পারে শনিবার

পানি বাড়ছে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে। এ অবস্থায় হ্রদের পানি কমাতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি গেট খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আগামী শনিবার এসব গেট খুলে দেওয়া হতে পারে বলে গতকাল বৃহস্পতিবার রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সন্ধ্যা ৭টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৩ দশমিক ৯১ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানি ধারণসীমা ১০৯ ফুট এমএসএল।

ক্যাচমেন্ট এরিয়ায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতে হ্রদের পানির উচ্চতা বেড়েছে। এতে উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য আগামী শনিবার বেলা ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে। এর মাধ্যমে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে হ্রদের পানির উচ্চতা, ইনফ্লো ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা এবং ইনফ্লোর তারতম্যের ওপর নির্ভর করে স্পিলওয়ে গেট খোলার সময় এগিয়ে বা পিছিয়ে নেওয়া হতে পারে।

ইনফ্লো বেশি হলে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। একইসঙ্গে বর্তমানে পাঁচটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে।

কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান বলেন, বাঁধের ১৬টি স্পিলওয়ে গেট দিয়ে ছয় ইঞ্চি উচ্চতায় পানি ছাড়ার প্রস্তুতি চলছে। কাপ্তাই হ্রদের পানির স্তর বেড়ে যাওয়ায় নিচু এলাকায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বাঁধের ওপর পানির চাপ কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বর্তমানে সামগ্রিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments