Friday, July 24, 2026
Homeঅপরাধগাজীপুরে সিজারের সময় নবজাতকের হাত ভেঙে যাওয়ার অভিযোগ

গাজীপুরে সিজারের সময় নবজাতকের হাত ভেঙে যাওয়ার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের সময় নবজাতকের হাত ভেঙে যাওয়ার অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে সিভিল সার্জনের কার্যালয়।

আজ বুধবার সকালে গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রহমান বিষয়টি দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত সোমবার দুপুরে শ্রীপুর উপজেলার রেলগেট এলাকায় অবস্থিত আল-আরাফ হাসপাতালের বিরুদ্ধে সিজারের সময় ভুল চিকিৎসায় নবজাতকের ডান হাত ভেঙে যাওয়ার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (গাইনি ও অবস) কুহু মুৎসুদীকে। সদস্য হিসেবে আছেন গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার সাবরিনা মোহনা এবং কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (অর্থোপেডিক সার্জারি) মোহাম্মদ শরীফ হোসেন, যিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।

সিভিল সার্জন বলেন, তদন্ত কমিটিকে সরেজমিন তদন্ত শেষে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নবজাতকের পরিবারের অভিযোগ, কাগজে-কলমে অভিজ্ঞ চিকিৎসকের নাম থাকলেও অপারেশন থিয়েটারে (ওটি) অদক্ষ ব্যক্তিকে দিয়ে সিজার করানো হয়। পরে দেখা যায়, নবজাতকের ডান হাত মারাত্মকভাবে ভেঙে গেছে। তাদের আশঙ্কা, এ ঘটনায় শিশুটি আজীবন পঙ্গুত্বের ঝুঁকিতে পড়তে পারে।

এ বিষয়ে বক্তব্য জানতে আল আরাফ হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, আল-আরাফ হাসপাতালের পরিচালনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ রয়েছে। অপারেশন থিয়েটারে দায়িত্ব পালনকারী চিকিৎসকও দক্ষ ছিলেন। তবে নবজাতকের ডান হাত ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। কী কারণে এমনটি হয়েছে, তা নির্ধারণে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments