Saturday, July 25, 2026
Homeঅপরাধগোপালগঞ্জে ২ মোটরসাইকেলের প্রতিযোগিতায় দুর্ঘটনা, নিহত ৩

গোপালগঞ্জে ২ মোটরসাইকেলের প্রতিযোগিতায় দুর্ঘটনা, নিহত ৩

গোপালগঞ্জে প্রতিযোগিতার সময় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার চামটা ব্রিজ এলাকার গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনের মধ্যে গতকাল হাসপাতালে নেওয়ার পথে একজন এবং আজ শনিবার আরও দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট গ্রামের অসিত কুণ্ডুর ছেলে অচিন্ত্য কুণ্ডু (২৫), মাদারীপুর জেলার রাজৈর উপজেলার নাগরদী গ্রামের মনীন্দ্রনাথ বাড়ৈর ছেলে উজ্জ্বল বাড়ৈ (৩৫) এবং একই উপজেলার গোয়ালকান্দি গ্রামের শাহীন বেপারীর ছেলে ফয়সাল বেপারী (২০)।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক খন্দকার আওরঙ্গজেব দ্য ডেইলি স্টারকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে দুটি মোটরসাইকেলে তিন যুবক প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে গোপালগঞ্জ সদর উপজেলার চামটা ব্রিজ থেকে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে তিনজনই গুরুতর আহত হন। একটি মোটরসাইকেলে ছিলেন অচিন্ত্য। অন্যটিতে উজ্জ্বল ও ফয়সাল।’

তিনি আরও বলেন, ‘স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অচিন্ত্যকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকি দুজনকে ফরিদপুর কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান উজ্জ্বল। উন্নত চিকিৎসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় ফয়সালের।’

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিহতদের মরদেহের ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments