Friday, July 24, 2026
Homeঅপরাধচন্দনাইশে অর্থমন্ত্রীর ত্রাণ বিতরণের সময় ভেঙে পড়ল মঞ্চ

চন্দনাইশে অর্থমন্ত্রীর ত্রাণ বিতরণের সময় ভেঙে পড়ল মঞ্চ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যাদুর্গতদের ত্রাণ বিতরণের সময় অস্থায়ী মঞ্চ ধসে পড়েছে। এসময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেশ কয়েকজন নেতা মঞ্চ থেকে নিচে পড়ে যান।

আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে, এতে কেউ আহত হননি। সুস্থ আছেন অর্থমন্ত্রীও।

চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) রূপক কর্মকার দ্য ডেইলি স্টারকে বলেন, মঞ্চটি খুব একটা উঁচু না হওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। মঞ্চ ভেঙে পড়ায় ত্রাণ বিতরণে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হলেও অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা জানায়, অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর মঞ্চে ওঠেন। নেতাকর্মী ও অতিথিদের অনেকে এ সময় মঞ্চে উঠে পড়ায় কাঠামোটি ভেঙে পড়ে।

তখন অর্থমন্ত্রী, চট্টগ্রাম সিটির মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ, পটিয়ার সংসদ সদস্য এনামুল হক ও বোয়ালখালীর সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ অন্যান্য স্থানীয় নেতারা পড়ে যান।

তবে গুরুতর আঘাত না পাওয়ায় তারা দ্রুতই সামলে উঠে দাঁড়াতে সক্ষম হন। এর কিছুক্ষণের মধ্যে আবারও ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয় এবং অর্থমন্ত্রীসহ অন্যান্য কর্মকর্তারা পুরো কর্মসূচি শেষ করেন।

চন্দনাইশের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘অতিরিক্ত মানুষের চাপে ছোট মঞ্চটি একপাশে হেলে পড়ে। মঞ্চে যারা ছিলেন, তারা কিছুটা ঝাঁকুনি অনুভব করেন। এরপর কয়েকজন নিচে নেমে যান এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাকি ত্রাণ বিতরণ সম্পন্ন করা হয়।’

তিনি জানান, এ আয়োজনে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫০ পরিবারের মাঝে এবং স্থানীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে আরও ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হয়।

প্রতিটি ত্রাণ প্যাকেজে ১০ কেজি চাল, ভোজ্যতেল, লবণ ও শুকনা খাবারসহ প্রায় ২০ কেজির মতো নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল বলে জানান তিনি।
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments