Wednesday, July 22, 2026
Homeচলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা শিবা শানু ও সাধারণ সম্পাদক হয়েছেন জয় চৌধুরী।

গতকাল শুক্রবার দিনভর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর আজ শনিবার ভোরে নির্বাচনের ফল ঘোষণা হয়।

এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয়।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে ২৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শিবা শানু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর আরমান পেয়েছেন ১৭৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

ফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শিবা শানু বলেন, ‘সবাই আমাকে ফুলের মালা পরিয়েছে। আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা বাস্তবায়নের পর যদি কেউ আমাকে একটি ফুল দেয়, সেটাই আমার কাছে সবচেয়ে বড় উপহার হবে। নির্বাচনে যারা জয় পাননি, তাদেরও অভিনন্দন। আর যারা আমাকে জয়ী করেছেন, আমার প্রতি তাদের পূর্ণ বিশ্বাস ছিল। এ জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমরা চলচ্চিত্র শিল্পী সমিতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই।’

নবনির্বাচিত সাধারণ সম্পাদক জয় চৌধুরী বলেন, ‘আমাদের এই যাত্রাটা একেবারেই সহজ ছিল না, তবু আমরা সার্থক। প্রতিবার সমালোচনা হলেও এবার নির্বাচন নিয়ে গঠনমূলক আলোচনা ছিল। এ জন্য সবার কাছেই আমরা কৃতজ্ঞ।’

চলচ্চিত্র শিল্পী সমিতির এই নির্বাচনে সহসভাপতি পদে ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইলিয়াস কোবরা। ২৬০ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন ডি এ তায়েব এবং ২৩৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া ২৭২ ভোট পেয়ে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হয়েছেন পারভেজ চৌধুরী আবির। দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে জ্যাকি আলমগীর, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে ২২১ ভোট পেয়ে কামরুজ্জামান কমল নির্বাচিত হয়েছেন।

আর কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ১১ জন হলেন—আলীরাজ, কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা ও সুশান্ত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments