Wednesday, July 22, 2026
Homeচলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব বেছে নেওয়ার দিন আজ, ভোট চলছে

চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব বেছে নেওয়ার দিন আজ, ভোট চলছে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নেতৃত্ব বেছে নিতে আজ ভোট দিচ্ছেন ৫৭৩ জন শিল্পী।

২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক এই নির্বাচনের ভোটগ্রহণ শুক্রবার সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে শুরু হয়েছে। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য এক ঘণ্টার বিরতি থাকবে।

প্রতি দুই বছর পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন চলচ্চিত্র অঙ্গনের অন্যতম আলোচিত আয়োজন। নির্বাচন ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই এফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। প্রার্থীদের প্রচারণা, শিল্পীদের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন প্রতিশ্রুতিকে কেন্দ্র করে সরগরম ছিল চলচ্চিত্রপাড়া।

এবারের নির্বাচনে দুটি প্যানেল মুখোমুখি হয়েছে। একদিকে রয়েছেন আরমান–মুক্তি পরিষদ, অন্যদিকে শিবা শানু–জয় চৌধুরী পরিষদ। দুই পক্ষই শিল্পীদের কল্যাণ, চলচ্চিত্রশিল্পের উন্নয়ন এবং সংগঠনকে আরও সক্রিয় করার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন।

আরমান–মুক্তি প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফাইট ডিরেক্টর আরমান। সাধারণ সম্পাদক পদে রয়েছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি। এ প্যানেলে সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নূতন ও ইলিয়াস কোবরা। সহসাধারণ সম্পাদক পদে রয়েছেন রিনা খানসহ চলচ্চিত্রাঙ্গনের আরও পরিচিত মুখ।

অন্যদিকে শিবা শানু–জয় চৌধুরী প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। তাদের প্যানেলের নির্বাচনী অঙ্গীকারে রয়েছে শিল্পীদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং যৌথ প্রযোজনার চলচ্চিত্রে দেশীয় শিল্পীদের কাজের সুযোগ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া।

নির্বাচন সামনে রেখে দুই প্যানেলই নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেছে। আরমান–মুক্তি পরিষদের দাবি, নির্বাচিত হলে শিল্পীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কার্যকর ভূমিকা রাখবে তারা। অন্যদিকে শিবা শানু–জয় চৌধুরী পরিষদের বক্তব্য, তারা শিল্পীদের উন্নয়নে চলমান কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্ব দেবেন।

এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রয়েছেন—কামাল মো. কিবরিয়া লিপু ও বি এইচ নিশান।

আপিল বোর্ডের দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।

দিনভর ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় শুরু হবে ভোট গণনা। এরপরই ঘোষণা করা হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন নেতৃত্ব।

চলচ্চিত্র অঙ্গনের অনেকেরই প্রত্যাশা, নতুন কমিটি শিল্পীদের স্বার্থ রক্ষা, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং দেশের চলচ্চিত্রশিল্পকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা রাখবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments