Friday, July 24, 2026
Homeঅপরাধদুর্ঘটনার খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত তারই ছেলে

দুর্ঘটনার খবরে উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিহত তারই ছেলে

কিশোরগঞ্জে ট্রাকচাপায় এক স্কুলশিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের একটি টহল দল। সেখানে পৌঁছে সদস্যরা জানতে পারেন, নিহত শিশুটি তাদের সঙ্গে থাকা এক পুলিশ সদস্যেরই ছেলে।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কিশোরগঞ্জ শহরের জনতা স্কুল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ তুহিন (১০) কিশোরগঞ্জ সদর মডেল থানার কনস্টেবল শামসুল হকের ছেলে। সে গাইটাল জনতা স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার তানিয়া নাজনীন দ্য ডেইলি স্টারকে বলেন, সকালে থানায় ফোন করে জানানো হয়, জনতা স্কুল রোড এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের চাপায় এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। তখন নিহত শিশুটির পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, খবর পেয়ে থানার একটি টহল দল ঘটনাস্থলে যায়। টহল দলে গাড়িচালক হিসেবে ছিলেন শামসুল হক। ঘটনাস্থলে পৌঁছে সদস্যরা দেখতে পান, নিহত শিশুটি শামসুল হকের ছেলে তুহিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গাইটাল এলাকার বাসা থেকে সাইকেল নিয়ে জনতা স্কুল রোড এলাকায় ঘুরতে বের হয় তুহিন। এ সময় একটি সিমেন্টবোঝাই ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা ডেইলি স্টারকে বলেন, মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments