Friday, July 24, 2026
Homeঅপরাধপরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সড়ক অবরোধ, বিক্ষোভ

টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও সাভারসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। কোথাও কোথাও মহাসড়ক অবরোধের ঘটনাও ঘটেছে।

আজ মঙ্গলবার দুপুরের দিকে বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-বরিশালসহ ৩২টি আন্তঃজেলা রুটে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

পরীক্ষার্থীরা বর্তমান পরীক্ষা পদ্ধতির পরিবর্তনেরও দাবি জানান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল শিক্ষা বোর্ডের সামনে মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর ফলে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার শত শত যাত্রী। বেলা আড়াইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

হাতেম আলী কলেজের শিক্ষার্থী আলিফ বলেন, বৈরী আবহাওয়ার মধ্যেও সোমবার পরীক্ষা নেওয়া হয়েছে। তার অভিযোগ, কঠিন বিষয়গুলোর পরীক্ষার আগে পর্যাপ্ত বিরতি দেওয়া হয়নি। এ ছাড়া প্রশ্নপত্র আগের বছরের তুলনায় কঠিন ছিল এবং সিলেবাসের বাইরের প্রশ্নও এসেছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রথমে তারা রাজি হলেও পরে আবারও মহাসড়কে অবস্থান নেন। ফলে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও দেশের বিভিন্ন এলাকায় চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত এবং ১৩ জুলাই অনুষ্ঠিত পরীক্ষায় দুর্যোগের কারণে অনুপস্থিত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ করেছেন এইচএসসি-২০২৬ ব্যাচের শিক্ষার্থীরা।

বেলা ১১টায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এই দাবি শুধু চট্টগ্রাম বা কোনো একটি অঞ্চলের নয়, বরং দেশের সব এইচএসসি পরীক্ষার্থীর স্বার্থে উত্থাপন করা হয়েছে। চলমান বন্যা, জলাবদ্ধতা ও যোগাযোগ সংকটের কারণে অনেক জেলার শিক্ষার্থীর পক্ষে নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো সম্ভব হচ্ছে না। সাম্প্রতিক বৃষ্টি ও জলাবদ্ধতায় পরীক্ষাকেন্দ্রে যেতে গিয়ে অনেকেই চরম ভোগান্তির শিকার হয়েছেন।

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের স্কুলবিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী বলেন, সমাবেশে আজ আমরা সাতটি বিভাগে একযোগে কর্মসূচি পালন করছি। এরপরও ব্যবস্থা না নিলে আগামীকাল ব্লকেড কর্মসূচি দেওয়া হবে।

কুমিল্লায় এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুমিল্লায় বন্যা পরিস্থিতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। আজ মঙ্গলবার দুপুরে নগরীর কান্দিরপাড় এলাকায় শিক্ষার্থীরা পূবালী চত্বরে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে তাদের দাবি তুলে ধরেন এবং স্লোগান দেন—শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পরীক্ষা স্থগিত করতে হবে।

শিক্ষার্থীরা জানান, চলমান বন্যা পরিস্থিতির কারণে অনেক শিক্ষার্থী মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। কারও বাড়িঘর পানিতে নিমজ্জিত, আবার কেউ নিরাপদ আশ্রয়ে অবস্থান করছে। এতে তাদের পড়াশোনা ব্যাহত হয়েছে এবং পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি।

এ ছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত করাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে দাবি করেন তারা। শিক্ষার্থীদের মতে, এ অবস্থায় পরীক্ষা গ্রহণ করা হলে তা অনেকের জন্য অন্যায্য হয়ে দাঁড়াবে।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দ্রুত পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি ঘোষণা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান। এ সময় কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। 

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ এবং সারা দেশে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

আজ দুপুর সোয়া ১টার দিকে মহাসড়কের পাকিজা মোড় (শহীদ ইয়ামিন চত্বর) এলাকায় অবরোধ করেন সাভার সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। পরে পুলিশের অনুরোধে দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, একই প্রশ্নপত্রে সারা দেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশেই ভারী বর্ষণ হয়েছে। অথচ বন্যার কারণে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

তারা বলেন, শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তহীনতার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের পরীক্ষার্থীদের কোমরসমান পানি পেরিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে হয়েছে। পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। এ কারণে তারা শিক্ষামন্ত্রী ড. এ এন এম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, এইচএসসি পরীক্ষার্থীরা দুপুর সোয়া ১টার দিকে মহাসড়ক অবরোধ করেন। পরে দুপুর ২টার দিকে তারা অবরোধ প্রত্যাহার  করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments