Thursday, July 23, 2026
Homeফাইনালে ওঠার সম্ভাবনার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে আর্জেন্টিনাকে

ফাইনালে ওঠার সম্ভাবনার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে আর্জেন্টিনাকে

আরেকটি বিশ্বকাপের ফাইনালে ওঠার সম্ভাবনার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে গোটা আর্জেন্টিনা দলকে। তার আগে মহাগুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ইউরোপের এই শক্ত প্রতিপক্ষকে ভীষণ সমীহ করছে তারা। একইসঙ্গে নিজেদের চেনা ছন্দে খেলে সেমিফাইনালের টিকিট কাটতে মুখিয়ে আছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

শেষ আটের হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে কানসাস সিটিতে। বাংলাদেশ সময় আগামী রোববার সকাল সাতটায় সেমিতে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে শিরোপা ধরে রাখার অভিযানে থাকা আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।

ম্যাচের আগে আর্জেন্টিনা দলের কোচিং স্টাফের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে কথা বলেছেন সহকারী কোচ ওয়াল্তার সামুয়েল। সাবেক এই ডিফেন্ডার দলের উচ্চাকাঙ্ক্ষার কথা তুলে ধরেছেন, ‘আমরা ফাইনালে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে রোমাঞ্চিত। আমাদের ধাপে ধাপে এগোতে হবে। আমরা সুইজারল্যান্ডের মতো এক কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি এবং আমাদের এটি মোকাবিলা করতে হবে। তবে আমরা আশাবাদী যে, আমাদের লক্ষ্য পূরণ করতে পারব এবং ফাইনালে পৌঁছাতে পারব, যা হবে অবিশ্বাস্য। আর তখন তো সুযোগ কাজে লাগাতেই হবে।’

সুইজারল্যান্ডের দিক থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন সামুয়েল। ইউরোপের দলটির মূল বৈশিষ্ট্য ও শক্তিমত্তা নিয়ে তিনি বলেছেন, ‘ওরা একটি শক্ত, শারীরিক শক্তিনির্ভর ফুটবল খেলা দল। পাশাপাশি (গ্রানিত) জাকা, (মানুয়েল) আকাঞ্জিদের নিয়ে ওরা অনেক মানসম্পন্ন। ওদের এমন সব খেলোয়াড় আছে, যারা ভালো খেলতে পারে এবং বল পায়ে তারা বেশ শান্ত ও গোছানো।’

আর্জেন্টিনার কোচিং স্টাফের এই সদস্য জোর দিয়ে জানিয়েছেন, সুইজারল্যান্ড কেবল শারীরিক শক্তিনির্ভর বা রক্ষণাত্মক কৌশল বেছে নেওয়া দল নয়। বরং তারা বল পায়ে রেখে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে এবং রক্ষণভাগ থেকে গুছিয়ে আক্রমণে উঠতে পারদর্শী। প্রতিপক্ষকে নিয়ে এভাবে বিস্তারিত বিশ্লেষণের পাশাপাশি নিজেদের শক্তির ওপর জোর দেওয়াকে গুরুত্ব দিচ্ছেন সামুয়েল।

মহাতারকা লিওনেল মেসির নেতৃত্বাধীন স্কোয়াডের ফুটবলারদের ওপর আস্থা রেখে সামুয়েল যোগ করেছেন, ‘আমরা যেমন প্রতিপক্ষের দিকে নজর রাখি, তেমনি আমরা নিজেদের খেলার কৌশল নিয়েও ভাবি।’

সামুয়েলের এমন মন্তব্যেই মূলত ম্যাচের আগে শিরোপাধারী আর্জেন্টিনার অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিপক্ষের প্রতি পূর্ণ সম্মান বজায় রেখেই নিজেদের চেনা ফুটবল দর্শনে অটুট থাকতে চাইছে আলবিসেলেস্তেরা।

ইতালি (১৯৩৪, ১৯৩৮) ও ব্রাজিলের (১৯৫৮, ১৯৬২) পর ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের হাতছানি রয়েছে আর্জেন্টিনার সামনে। সুইজারল্যান্ডকে হারাতে পারলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড কিংবা নরওয়ে। আর ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারলে মেসিদের মুখোমুখি হতে হবে ফ্রান্স, স্পেন কিংবা বেলজিয়ামের। গত কাতার বিশ্বকাপে টাইব্রেকারে গড়ানো রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments