Wednesday, July 22, 2026
Homeবাংলাদেশ টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, শাস্তির মুখে শেখ মেহেদী

বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য, শাস্তির মুখে শেখ মেহেদী

গত মাসে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ চলাকালে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় শেখ মেহেদী হাসানকে শুনানির জন্য তলব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি। এই স্পিন বোলিং অলরাউন্ডার কমিটির কাছে নিজের বক্তব্য জমা দিয়েছেন এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিনি শাস্তির মুখে পড়তে যাচ্ছেন।

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ২২ বলে ২৯ রান করার পাশাপাশি বল হাতে একটি উইকেট নিয়েছিলেন শেখ মেহেদী। তবে তিন ম্যাচ সিরিজের পরের দুটিতে তাকে একাদশে রাখা হয়নি। টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেটের জন্য স্বীকৃত খেলোয়াড় হওয়া সত্ত্বেও নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় তখন ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছিলেন শেখ মেহেদী।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শেখ মেহেদী আক্ষেপ নিয়ে বলেছিলেন, নিয়মিত না খেলতে পারাটা তার জন্য হতাশাজনক। কারণ তিনি মূলত টি-টোয়েন্টি খেললেও সেখানেও টানা সুযোগ পান না। দলীয় কম্বিনেশন কিংবা ম্যাচ-আপের কারণে প্রায়ই তাকে একাদশের বাইরে থাকতে হয়। আর নিয়মিত খেলার সুযোগ পেলে নিজের পারফরম্যান্সের আরও উন্নতি করতে পারতেন বলেও উল্লেখ করেছিলেন তিনি।

আচরণবিধি ভঙ্গের দায়ে বুধবার বোর্ডের শৃঙ্খলা কমিটির মুখোমুখি হন এই অলরাউন্ডার। বিসিবির একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, ‘তার শাস্তির বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। কারণ কিছু বিষয় আবারও যাচাই-বাছাই করে দেখা প্রয়োজন। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি অতীতেও এমন কোনো অপরাধ করেছেন কি না, তা-ও খতিয়ে দেখবে কমিটি।’

সূত্রটি নিশ্চিত করেছে যে, শুনানির সময় বাংলাদেশের জার্সিতে ১২টি ওয়ানডে ও ৭৬টি টি-টোয়েন্টি খেলা শেখ মেহেদী নিজের ভুল স্বীকার করে নিয়েছেন।

বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেছেন, ‘এখানে আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন হয়েছে এবং তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এই নিয়ম ভঙ্গের মাত্রা কতটা গুরুতর সেটা নির্ধারণ করা হবে এবং তিনি যেহেতু ভুল স্বীকার করে নিয়েছেন, তাই সে অনুযায়ী যথাযথ শাস্তি দেওয়া হবে। তাকে আর্থিক জরিমানা করা হবে নাকি তার ম্যাচ ফি কেটে নেওয়া হবে, তা পরবর্তীতে চূড়ান্ত করা হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments