Friday, July 24, 2026
Homeঅপরাধমাদকসেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার অভিযোগ

মাদকসেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাদকসেবন ও মাদক ব্যবসার প্রতিবাদ করার জেরে মো. ফারুক ওরফে শহীদ (৫৫) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের তেঁতুলতলা বাজারসংলগ্ন পল্লী বিদ্যুতের সাব-স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ফারুককে ঢাকায় নেওয়ার পথে রাত ২টার দিকে চৌমুহনী চৌরাস্তা এলাকায় তার মৃত্যু হয়।

নিহত ফারুক সুন্দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং তেঁতুলতলা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।

এ ঘটনায় আটক দুজন হলেন উপজেলার একই এলাকার বাসিন্দা আল আমিনের ছেলে মো. আরশাদ ওরফে আকাশ (২৪) এবং দুলালের ছেলে মো. সাজ্জাদ হোসেন আকাশ (১৯)।

আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া। 

নিহতের ছেলে ইমরান হোসেন অভিযোগ করেন, আরশাদ এলাকায় মাদক ব্যবসা ও মাদকসেবনের সঙ্গে জড়িত বলে পরিচিত। গত মঙ্গলবার স্থানীয় একটি দোকানে তার মাদকসেবনের প্রতিবাদ করেন উপজেলা ছাত্রদল নেতা জহির। ওই সময় দোকানে থাকা তার বাবা ফারুক একপর্যায়ে আরশাদকে ঘাড় ধরে দোকান থেকে বের করে দেন। এর জেরে পরদিন আরশাদ তার বাবাকে হত্যার হুমকি দেন।

ইমরানের দাবি, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে আরশাদ পেছন থেকে তার বাবার মেরুদণ্ডের পাশে ছুরিকাঘাত করেন। পরে তাকে প্রথমে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

কবিরহাট থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। আহত ফারুক স্থানীয় একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় অভিযুক্ত আরশাদ পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন।

কবিরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু বলেন, নিহত ফারুক ইউনিয়ন বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাবেক প্রচার সম্পাদক ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসেবনের প্রতিবাদ করার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হওয়ার পর আটক দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments