Thursday, July 23, 2026
Home‘মানুষকে আনন্দ দিতেই খেলি, তাই এই কষ্ট এত গভীর’

‘মানুষকে আনন্দ দিতেই খেলি, তাই এই কষ্ট এত গভীর’

বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হারের ক্ষত এখনও শুকায়নি। নিজ শহর পুজাতোতে সংবর্ধনা নিতে গিয়ে আবারও আবেগে ভেঙে পড়লেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। সমর্থকদের উদ্দেশে তিনি বললেন, দেশের মানুষকে আনন্দ দিতেই তারা খেলেন, আর সেই কারণেই বিশ্বকাপ হাতছাড়া হওয়ার কষ্টটা এত গভীর।

ফাইনালের পরদিন বুয়েনস আইরেসে ফেরেন স্কালোনি। বুধবার সান্তা ফে প্রদেশের নিজ শহর পুজাতোতে পৌঁছালে শত শত সমর্থক তাকে বীরের সংবর্ধনা জানান। তবে উষ্ণ অভ্যর্থনার মধ্যেও বিশ্বকাপ হারানোর বেদনা লুকাতে পারেননি ৪৮ বছর বয়সী এই কোচ। ফাইনালের সংবাদ সম্মেলনের মতো এবারও কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস–এর বরাতে স্কালোনি বলেন, ‘আমরা জিততে পারিনি। আমরা জানি, মানুষের মুখে হাসি ফোটাতেই আমরা খেলি। আর সে কারণেই এই কষ্টটা এত বড়।’

ফাইনালে স্পেনই ভালো খেলেছে বলে অকপটে স্বীকার করেন আর্জেন্টাইন কোচ, ‘কখনও আপনি জিতবেন, কখনও হারবেন। আমাদের মেনে নিতে হবে, স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। এই বাস্তবতা স্বীকার করাও আমাদের আরও ভালো হতে সাহায্য করবে।’

২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এবং টানা দ্বিতীয়বার দলকে ফাইনালে তোলা স্কালোনি মনে করেন, শেষ পর্যন্ত লড়াই করে যাওয়াই তার দলের সবচেয়ে বড় পরিচয়।

‘আমাদের অনুভূতি সব সময় একই থাকে। পরিস্থিতি অনুকূলে না থাকলেও আমরা শেষ পর্যন্ত লড়াই করি। আর্জেন্টিনার মানুষকে বুঝতে হবে, প্রতিপক্ষও খেলতে নামে এবং কখনও তারা আপনার চেয়ে ভালো হতে পারে। তবু আমরা তাদের জন্য কাজটা কঠিন করে তুলেছিলাম,’ বলেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে আরেকটি বিষয় ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। স্কালোনিকে জাতীয় দলের দায়িত্বে রেখে দেওয়ার দাবিতে সমর্থকেরা বারবার স্লোগান দেন, ‘লিও, তুমি যেও না!’

বিশ্বকাপ ফাইনালের পর সংবাদ সম্মেলনে স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন, ডিসেম্বর পর্যন্ত চুক্তির মেয়াদ শেষ হলে দায়িত্ব ছাড়ার কথা ভাবছেন। তবে এবারও ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা দেননি।

সমর্থকদের স্লোগানের জবাবে তিনি শুধু বলেন, ‘আমি ডিসেম্বর পর্যন্ত থাকছি, এরপরও আমরা লড়াই চালিয়ে যাব।’

এই বক্তব্যে আপাতত আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্বে থাকার বিষয়টি নিশ্চিত করলেও, ডিসেম্বরের পর স্কালোনির ভবিষ্যৎ এখনও অনিশ্চিতায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments