Friday, July 24, 2026
Homeরদ্রিকে নিয়ে রিয়ালের কোনো প্রস্তাবই পায়নি সিটি!

রদ্রিকে নিয়ে রিয়ালের কোনো প্রস্তাবই পায়নি সিটি!

স্পেনের সংবাদমাধ্যমে একের পর এক খবর প্রকাশিত হচ্ছে, স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে নাকি এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে এই গুঞ্জনের মাঝেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাবটির দাবি, রিয়ালের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রস্তাব বা যোগাযোগই পায়নি তারা।

স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, রদ্রিকে ঘিরে চলা জল্পনার সত্যতা জানতে তারা ম্যানচেস্টার সিটির পরিচালনা পর্ষদের সঙ্গে যোগাযোগ করেছিল। বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের পর থেকেই রিয়াল সমর্থক ও স্প্যানিশ গণমাধ্যমের একটি বড় অংশ ক্লাবটিকে এই মিডফিল্ডারকে দলে নেওয়ার আহ্বান জানিয়ে আসছে।

এমনকি পর্তুগিজ কোচ হোসে মরিনহোর অধীনে রদ্রিকে খেলানোর দাবিও উঠেছে। যদিও অতীতেও বিভিন্ন তারকাকে নিয়ে এমন চাপ তৈরি হয়েছিল, এবার রদ্রির বিশ্বকাপজোড়া নৈপুণ্য সেই আলোচনা আরও জোরালো করেছে।

তবে সিটির কর্মকর্তারা জানিয়েছেন, ক্লাবের ভেতরে এ নিয়ে কোনো উদ্বেগ নেই। কারণ রদ্রির বর্তমান চুক্তির এখনও এক বছর বাকি রয়েছে, যা ভবিষ্যৎ সিদ্ধান্তে তাদের শক্ত অবস্থানে রেখেছে।

ক্লাবটির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রিয়াল মাদ্রিদের কাছ থেকে কোনো প্রস্তাব আসেনি, দুই ক্লাবের মধ্যে কোনো ধরনের আলোচনা বা আনুষ্ঠানিক যোগাযোগও হয়নি। তাদের মতে, সংবাদমাধ্যমে যে আলোচনা চলছে, তা মূলত বিশ্বকাপে রদ্রির দুর্দান্ত পারফরম্যান্সের স্বাভাবিক প্রতিক্রিয়া।

হাঁটুর গুরুতর চোট থেকে সেরে ওঠার জন্য গত মৌসুমের মাঝপথে মাঠের বাইরে চলে গিয়েছিলেন স্পেন অধিনায়ক। দীর্ঘ পুনর্বাসনের পর বিশ্বকাপে দারুণ প্রত্যাবর্তন করেন তিনি। স্পেনকে শিরোপা জেতানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন, যা তাকে আবারও ইউরোপের দলবদলের বাজারের আলোচনায় নিয়ে এসেছে।

বর্তমানে পিঠের একটি সমস্যার সমাধানে ছোট একটি অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন রদ্রি। তবে নতুন মৌসুম শুরুর আগেই তিনি পুরোপুরি ফিট হয়ে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আর সেই সময় তিনি ম্যানচেস্টার সিটিতেই থাকবেন, এমন প্রত্যাশাই ক্লাবটির।

যদিও দলবদলের বাজার বন্ধ হতে এখনও এক মাসের বেশি সময় বাকি। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, রদ্রি ক্যারিয়ারের নতুন অধ্যায়ে স্প্যানিশ লিগে খেলতে আগ্রহী এবং রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে চাপানো তার অন্যতম লক্ষ্য।

তবে বর্তমান বাস্তবতায় রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির অবস্থান এক জায়গাতেই মিলেছে, এখন পর্যন্ত কোনো বৈঠক হয়নি, কোনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি এবং কোনো চুক্তির কাছাকাছিও পৌঁছায়নি দুই ক্লাব।

এএস আরও জানিয়েছে, ইউরোপের বড় ক্লাবগুলোর মধ্যে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সম্পর্ক অত্যন্ত ভালো। দুই ক্লাবের মধ্যে নিয়মিত যোগাযোগের পথও খোলা। কিন্তু রদ্রিকে নিয়ে এখনও পর্যন্ত রিয়ালের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়নি। সবকিছুই গুঞ্জনের পর্যায়েই রয়ে গেছে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments