Wednesday, April 29, 2026
Homeসারাদেশরাঙ্গামাটিতে ইউপিডিএফের যুব সংগঠনের নেতাকে গুলি করে হত্যা

রাঙ্গামাটিতে ইউপিডিএফের যুব সংগঠনের নেতাকে গুলি করে হত্যা

রাঙ্গামাটি সদর উপজেলার কুতুকছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি ধর্মসিং চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে।

যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা ও সাধারণ সম্পাদক বরুন চাকমার সই করা বিবৃতিতে জানানো হয়, সকাল ৭টার দিকে কুতুকছড়িতে নিজের বাসায় ছিলেন ধর্মসিং চাকমা। এ সময় একটি সশস্ত্র দল বাড়িটি ঘিরে ফেলে।

পালাতে চাইলে অস্ত্রধারীরা ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই নিহত হন ধর্মসিং। ধর্মসিংয়ের দুইবোন কৃপা সোনা চাকমা ও ভাগ্য শোভা চাকমা গুলিবিদ্ধ হয়েছেন।

এ ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে (পিসিজেএসএস) দায়ী করেছে ইউপিডিএফ। তবে হত্যার অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ ও তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা দ্য ডেইলি স্টারকে বলেন, ইউপিডিএফের একজন কর্মী নিহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানতে পেরেছি। তবে এর সঙ্গে জনসংহতি সমিতির জড়িত থাকার প্রশ্ন আসে না।

এদিকে, গণতান্ত্রিক যুব ফোরাম নেতা গুলিতে নিহত হওয়ার পর রাঙ্গামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে কয়েক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন ইউপিডিএফ কর্মীরা। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরুদ্ধ ছিল।

রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব দ্য ডেইলি স্টারকে বলেন, ঘটনার পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আহত দুই জনকে চট্টগ্রামে নেওয়া হয়েছে। 
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments