Wednesday, July 22, 2026
Homeঅপরাধরোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষ: সিলেট মেডিকেলে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের ধর্মঘট

রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষ: সিলেট মেডিকেলে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের ধর্মঘট

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের সংঘর্ষের জেরে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।

একইসঙ্গে ক্লাস বর্জনের ডাক দিয়েছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

গতকাল মঙ্গলবার রাতে এক রোগীর স্বজনদের সঙ্গে কথা কাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরপর হাসপাতালের ইন্টার্ন ডক্টরস ফোরাম এক বিবৃতিতে আজ বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন।

বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের অভিযোগ, গতকাল রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এক শিশু রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের কথা-কাটাকাটি হয়। পর উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে ২ ইন্টার্নসহ অন্তত ৬ জন আহত হয়।

আহতদের মধ্যে ইন্টার্ন চিকিৎসক তাসপিয়ানুল হক ও রেজা নিলয় বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

আহত অপর ৪ জনের মধ্যে আছেন মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী, শহরের বালুচর এলাকার বাসিন্দা আবরার হোসেন ও জাহিদ এবং রোগীর আরেক স্বজন।

ইন্টার্ন চিকিৎসকরা জানান, কথা-কাটাকাটির পর রোগীর স্বজনরা বাইরে থেকে লোক ডেকে এনে হামলা চালায়। খবর পেয়ে অন্য ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে গভীর রাতে ইন্টার্ন ডক্টরস ফোরাম ও মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা পৃথক বিবৃতি দিয়ে এ হামলার নিন্দা জানান এবং হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি করেন।

জানতে চাইলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন। থানায় অভিযোগ দায়ের হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বক্তব্যের জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. উমর রাশেদ মুনিরকে ফোন করা হলে বন্ধ পাওয়া যায়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments