Thursday, July 23, 2026
Homeরোনালদো কখনোই সমস্যা নয়, জানালেন পর্তুগালের নতুন কোচ

রোনালদো কখনোই সমস্যা নয়, জানালেন পর্তুগালের নতুন কোচ

পর্তুগাল জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েই ক্রিস্তিয়ানো রোনালদোকে ঘিরে নিজের অবস্থান পরিষ্কার করলেন হোর্হে জেসুস। অভিজ্ঞ এই কোচ জানিয়ে দিয়েছেন, রোনালদো যদি খেলার মতো ফিট থাকেন এবং জাতীয় দলে নির্বাচনের যোগ্যতা ধরে রাখেন, তাহলে তাকে অবশ্যই দলে ডাকবেন।

শুক্রবার আনুষ্ঠানিকভাবে পর্তুগালের কোচ হিসেবে পরিচয় পর্বে জেসুস বলেন, ‘সে যত দিন খেলবে এবং নির্বাচনের মতো অবস্থায় থাকবে, আমি তাকে দলে নেব। অবশ্যই সেটা জাতীয় দলের স্বার্থ ও আমার পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখেই হবে।’

৪১ বছর বয়সী রোনালদোর জন্য ২০২৬ বিশ্বকাপ সুখকর ছিল না। শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নেয় পর্তুগাল। পুরো আসরে তার পারফরম্যান্সও সমালোচনার মুখে পড়ে। 

বিশ্বকাপের আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন, এটিই হবে তার শেষ বিশ্বকাপ। তবে জাতীয় দল থেকে অবসরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানাননি।

জেসুস জানান, দায়িত্ব নেওয়ার পর এখনো রোনালদোর সঙ্গে তার কথা হয়নি। তবে খুব শিগগিরই দুজন বসে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।

‘এখনো ক্রিসের সঙ্গে কথা হয়নি। তবে একটা বিষয় নিশ্চিত, ক্রিস কখনোই জাতীয় দলের জন্য সমস্যা ছিল না, আমার জন্যও হবে না,’ বলেন ৭১ বছর বয়সী এই কোচ।

তিনি আরও যোগ করেন, ‘ক্রিস পর্তুগিজ ফুটবলের প্রতীক, জাতীয় দলেরও প্রতীক। ইতিহাসে তার নাম চিরকাল লেখা থাকবে। গত এক বছর তার সঙ্গে কাজ করে আমি দারুণ আনন্দ পেয়েছি। তার সঙ্গে কাজ করা খুবই সহজ। এখন আমরা বসে আলোচনা করব, সে নিজের ক্যারিয়ার নিয়ে কী সিদ্ধান্ত নিতে চায়।’

গত মৌসুমে সৌদি আরবের ক্লাব আল-নাসরে রোনালদোর কোচ ছিলেন জেসুস। তার অধীনেই ক্লাবটি সৌদি প্রো লিগ শিরোপা জেতে। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে জেসুস বলেন, ‘আমি জানি, সে আল-নাসরেই খেলতে চায়। সে আমাকে বারবার বলেছে, “আমি আল-নাসরেই আমার ক্যারিয়ার শেষ করতে চাই।”‘

রবার্তো মার্টিনেজের স্থলাভিষিক্ত হওয়া জেসুস ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত পর্তুগালের দায়িত্বে থাকবেন। সেই বিশ্বকাপের আয়োজক তিন দেশের একটি হবে পর্তুগাল, বাকি দুটি স্পেন ও মরক্কো।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments