Friday, May 1, 2026
Homeআন্তর্জাতিকলুইজিয়ানায় বন্দুক হামলায় নিহত ৮ শিশু

লুইজিয়ানায় বন্দুক হামলায় নিহত ৮ শিশু

যুক্তরাষ্ট্রের দক্ষিণে অবস্থিত লুইজিয়ানা অঙ্গরাজ্যে এক ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় আট শিশু নিহত হয়েছে। পরবর্তীতে পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হন।

প্রাথমিক তদন্তে ‘পারিবারিক অশান্তির’ কারণে বন্দুক হামলা ও হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। 

গতকাল রোববার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

পুলিশ কর্মকর্তারা জানান, হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। 

তবে অভিযুক্ত বন্দুকধারী একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে এবং এক পর্যায়ে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়।

লুইজিয়ানার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর শ্রিভপোর্টে এ ঘটনা ঘটে। 

শ্রিভপোর্ট পুলিশের কর্মকর্তা (করপোরাল) ক্রিস বোর্ডেলন সংবাদ সম্মেলনে বলেন, ‘ঘটনাস্থলটি বেশ বিস্তৃত, যা দুটি বাড়িজুড়ে ছড়িয়ে আছে। তিনি আরও বলেন, তদন্তকারীরা তৃতীয় আরেকটি বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন, যা এই অপরাধস্থলের অংশ।

বোর্ডেলন জানান, নিহত শিশুদের বয়স ১ থেকে ১৪ বছরের মধ্যে। ভেতরে থাকা (হামলার শিকার) শিশুদের কেউ কেউ হামলাকারীর নিজের আত্মীয়স্বজন।

এই হামলায় আরও দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বোর্ডেলন এ ঘটনাকে ‘পারিবারিক অস্থিরতা’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘আমাদের বিশ্বাস, (ওই তিন অবস্থানে) একজন ব্যক্তিই গুলি চালিয়েছেন।’

মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক কেনা খুবই সহজ। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশাসন ও নেতা বন্দুক কেনার বিধিনিষেধ কঠোর করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। সর্বশেষ সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন এমন উদ্যোগ নিয়েও সুবিধা করে উঠতে পারেননি। 

শ্রিভপোর্টের মেয়র টম আর্সেনো সংবাদ সম্মেলনে শোক প্রকাশ করে বলেন, ‘শ্রিভপোর্টের জন্য এটি একটি ভয়াবহ সকাল। আমরা সবাই ভুক্তভোগীদের জন্য শোকাহত।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments