Friday, May 1, 2026
Homeখেলাষষ্ঠ বিশ্বকাপ খেলার পর অবসরে যাবেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া

ষষ্ঠ বিশ্বকাপ খেলার পর অবসরে যাবেন মেক্সিকান গোলরক্ষক ওচোয়া

মেক্সিকোর ফুটবল ইতিহাসের অন্যতম আইকনিক গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া। প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর দেওয়া তথ্যমতে, আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপের পরপরই নিজের গ্লাভস জোড়া তুলে রাখবেন তিনি।

ফুটবল অঙ্গনের দলবদলের খবরাখবর দেওয়ায় বিশেষজ্ঞ সাংবাদিক রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘মেক্সিকোর হয়ে নিজের ষষ্ঠ বিশ্বকাপটি খেলতে যাচ্ছেন ওচোয়া, কারণ এই কিংবদন্তি গোলরক্ষক স্কোয়াডের অংশ হতে চলেছেন। তবে বিশ্বকাপের পরপরই তিনি পেশাদার ফুটবল থেকে অবসর নেবেন, বিদায় জানাবেন নিজের ক্লাব ও জাতীয় দলকে।’

রোমানোর এই বার্তাটি নিজের এক্স অ্যাকাউন্টে রিপোস্ট করে ওচোয়া নিজেই যেন খবরটির সত্যতা নিশ্চিত করেছেন।

মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া আসন্ন বিশ্বকাপটি ৪০ বছর বয়সী এই অভিজ্ঞ গোলরক্ষকের জন্য একটি ঐতিহাসিক উপলক্ষ হতে যাচ্ছে। আর্জেন্টিনার লিওনেল মেসি ও পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদোর পাশাপাশি ইতিহাসের খুব অল্পসংখ্যক খেলোয়াড়দের একজন হিসেবে বিশ্বকাপের ছয়টি আসরে খেলার বিরল রেকর্ড গড়তে পারেন তিনি।

২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে মেক্সিকোর প্রতিনিধিত্ব করেন ওচোয়া। এরপর তিনি ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা, ২০১৪ সালের ব্রাজিল, ২০১৮ সালের রাশিয়া ও সবশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপে খেলেন। কাতার বিশ্বকাপে পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ত লেভানদোভস্কির একটি পেনাল্টি ঠেকিয়ে তিনি দারুণ প্রশংসিত হয়েছিলেন।

ক্লাব পর্যায়ে নিজের ২২ বছরের দীর্ঘ ক্যারিয়ারে ওচোয়া ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, ইতালি ও পর্তুগালে খেলেছেন। তিনি বর্তমানে সাইপ্রাসের শীর্ষ লিগের ক্লাব এইএল লিমাসলের হয়ে খেলছেন।

গত সোমবার মেক্সিকান সংবাদমাধ্যম টিইউডিএনকে ওচোয়া বলেন, ‘বিশ্বকাপের পরই হয়তো আমার ক্যারিয়ারের ইতি ঘটতে পারে। নিঃসন্দেহে বিষয়টা কঠিন, তবে আমার মনে হয় না বিদায় বলাটা আমার জন্য খুব বেশি কঠিন হবে।’

তিনি যোগ করেন, ‘আপনি এমন একটা পর্যায়ে পৌঁছাবেন, যখন আপনার মস্তিষ্ক ও শরীর আপনাকে জানান দেবে যে, আপনি আপনার সবটুকু নিংড়ে দিয়েছেন। তখন আপনি শান্তিতে ও তৃপ্তি নিয়ে বিদায় নিতে পারবেন।’

আগামী ১ জুন চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরে। এখন দেখার বিষয়, বিশাল অভিজ্ঞতার কারণে ওচোয়া মেক্সিকোর শুরুর একাদশে জায়গা পান কি না, নাকি তার বদলে অপেক্ষাকৃত তরুণ গোলরক্ষক তালা রাঞ্জেলের ওপরই ভরসা রাখে দল।

তবে যেটাই হোক না কেন, ওচোয়া উত্তর আমেরিকার দলটির অন্যতম অধিনায়ক হিসেবে থাকবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে ফুটবলের এই বিশ্ব আসর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments